অগ্নিশিখায় জীবন সাঙ্গ হলো শিখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক চেয়ে প্রতিনিয়ত স্বামী নির্যাতন করতেন বলে অভিযোগ। মেয়েকে নির্যাতনের খবর শুনে তাঁকে বাড়িতে নিয়ে আসেন মা। তবুও রক্ষা হলো না। মুঠোফোনে টাকার জন্য চাপ দিতে থাকেন স্বামী। এ পরিস্থিতে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ শিখা রানী (২৭)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ শিখার স্বামী মিলন শীল ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে।গৃহবধূর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামের মৃত সুনীল চন্দ্র শীলের মেয়ে শিখা রানীর সঙ্গে ১০ বছর আগে পার্শ্ববর্তী বাসন্ডা গ্রামের মিলন শীলের বিয়ে হয়। মিলন ঢাকায় সেলুনে কাজ করেন। তাই বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকাতেই চলে যান। তাঁদের সংসারে দুটি মেয়ে রয়েছে। মিলন সম্প্রতি ঢাকায় নিজেই একটি সেলুন দেওয়ার উদ্যোগ নেন। এ জন্য প্রয়োজন পড়ে এক লাখ টাকার। এই টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন মিলন। শিখাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। কিন্তু এত টাকা মা-ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন শিখা। এর পরই তাঁর ওপর নেমে আসে নির্যাতন। প্রায় প্রতিদিনই টাকার জন্য তাঁকে নির্যাতন করতেন মিলন। বিষয়টি জেনে ১৫ দিন আগে দুই নাতনিসহ মেয়েকে বাড়িতে নিয়ে আসেন শিখার মা রাধা রানী। এর পরও থেমে থাকেননি মিলন। তিনি মুঠোফোনে টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা ছাড়া স্বামীর ঘরে আর জায়গা হবে না বলেও জানিয়ে দেন। এ অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাবার বাড়িতে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে নিজেকে পুড়িয়ে দেন শিখা। চিত্কার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিখা মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মিলন ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে।