অগ্নিসংযোগ না অগ্নিকাণ্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামে পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে। অভিযোগ উঠেছে, পূর্বশত্রুতার জের ধরে এসব ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হারিছ মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ তাঁদের বাড়ির পাঁচটি ঘরে একসঙ্গে আগুন জ্বলতে থাকে। আগুন দেখে তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার সময় তিনি ছাড়াও তাঁর বাবা আবদুস সামাদ মিয়া (১১০) ও মা হাজেরা খাতুন (৯৫) আহত হন। মুহূর্তের মধ্যেই আগুনে পাঁচটি ঘর পুড়ে যায়।
হারিছ মিয়া বলেন, গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা চলছে। বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। প্রতিপক্ষ এ ঘটনায় জড়িত।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি গ্রামের কয়েকজনকে সন্দেহ করছে। যাদের সন্দেহ করছে তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ববিরোধ রয়েছে। বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।