অগ্নিসংযোগ, ভাঙচুর, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সামনে ট্রেন ছেড়ে গেল৷ বিজিবির সদস্য আতিকুর রহমান, তাঁর বোন ফাতেমাতুজ্জোহরা ও দুই ভাগনি অসহায়ের মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন৷ শেষ পর্যন্ত দুই ভাগনি আর কান্না চেপে রাখতে পারল না৷ কারণ, আতিকুরকে আজ মঙ্গলবারই চট্টগ্রামে তাঁর কর্মস্থলে যোগদান করতে হবে৷
গতকাল সোমবার বিকেলে পরিবহন ধর্মঘটে ট্রেনের টিকিট না পেয়ে ওই পরিবারটির মতো অনেকেই ঢাকায় যেতে পারেননি৷ কেউ কেউ উঠে পড়েছেন ইঞ্জিনের সামনে৷
সড়কে অবৈধ যানবাহন ও চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত রোববার থেকে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়৷ এ সময় কোথাও দূরপাল্লায় এবং আন্তজেলায় বাস, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চলাচল করেনি৷ ধর্মঘটের সমর্থনে শ্রমিকেরা রোববার রাত ১১টা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত একটি ভটভটি ও একটি পাওয়ার ট্রলিতে অগ্নিসংযোগ এবং ১০টি ভটভটি ও একটি ট্রাক ভাঙচুর করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় নগরের এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালের সামনে দিয়ে যাওয়ার সময় যাত্রীবিহীন একটি অটোরিকশা ভাঙচুর করেন শ্রমিকেরা৷ পরে ওই অটোরিকশার চালককে মারধর করা হয়৷ রোববার রাত ১১টার দিকে ওই টার্মিনালের সামনে মোটরশ্রমিকেরা একটি ভটভটিতে আগুন দেন৷ এ সময় নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে তাঁদের বাধা দেন৷ এ সময় মোটরশ্রমিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়৷ এরপর তাঁরা টার্মিনালের একটু সামনে একটি পাওয়ার ট্রলিতে আগুন দেন ও একটি ট্রলি ভাঙচুর করেন৷ বোয়ালিয়া থানার ওসি আবদুস সোবহান বলেন, তিনি ফোন করলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷
ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীদের একমাত্র ভরসা ছিল ট্রেন৷ গতকাল বিকেলে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে গিজগিজ করছে মানুষ৷ টিকিট না পেয়ে অনেকে যেতে পারেননি৷ চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০ কার্টন পিউলি মাছ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য এসেছিলেন ব্যবসায়ী আবদুল লতিফ৷ কিন্তু ট্রেনে তাঁর জায়গা হয়নি৷ তিনি বলেন, এই মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করলে অনেক টাকা লোকসান হবে৷
বাঘা থেকে ব্যবসায়ী শফিকুল ইসলাম জরুরি কাজে রাজশাহীতে এসেছেন৷ তিনি বলেন, ছয়বার ভ্যান, অটোরিকশা বদল করে তাঁকে রাজশাহী আসতে হয়েছে৷ সাধারণত রাজশাহীতে আসতে ৬০ টাকা খরচ হয়৷ ধর্মঘটের কারণে তাঁর ১১০ টাকা খরচ হয়েছে৷
এদিকে গতকাল বেলা সাড়ে তিনটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে প্রশাসন বৈঠকে বসে৷ সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল৷