রাজধানীর পল্লবী থানার কালশীতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত কাউকে তিন দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ৷ গত শনিবারের ঘটনায় ক্যাম্পের বাসিন্দাদের আতঙ্ক গতকাল সোমবারও কাটেনি৷
ওই ঘটনায় পল্লবী থানায় করা ছয়টি মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)৷ এসব মামলার নথি গতকাল ডিবি বুঝে পেয়েছে বলে জানিয়েছেন ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম৷ মামলাগুলোতে মোট আসামি করা হয়েছে তিন হাজার ৭৫৪ জনকে৷ ছয়জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে৷
‘বিহারি’ হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে শনিবার বহিরাগত ও পুলিশের সংঘর্ষ হয়৷ সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগ করা হলে ইয়াছিন আলীর পরিবারের নারী-শিশুসহ নয়জন সদস্য পুড়ে মারা যান এবং এক মেয়ে দগ্ধ হন৷ গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপিশ্রমিক মো. আজাদ৷ ক্যাম্পের বাসিন্দারা ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র লোকজনকে৷ তবে সাংসদ এই অভিযোগ অস্বীকার করেছেন৷
অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়েছে কি না, জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, বিষয়টি তদন্তাধীন৷ নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে তা নেওয়া হবে। ইতিমধ্যে করা ছয়টি মামলার সঙ্গে একত্রে এসব অভিযোগেরও তদন্ত হবে।
আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্রান্ড্রেড পাকিস্তািনজ জেনারেল রিপ্যাট্রিয়েশনের (এসপিজিআরএস) কুর্মিটোলা ক্যাম্পের সাধারণ সম্পাদক মুন্না খান বলেন, পুলিশ তাঁদের মামলা নেয়নি। তবু তাঁরা এসপিজিঅারএসের নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করতে থানায় যাবেন।
ইয়াছিন আলীর মেয়ে দগ্ধ ফারজানা আক্তার (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন৷ তাঁর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও গুরুতর। তবে ঘরের বাইরে থাকায় বেঁচে যান ইয়াছিন৷
ভাঙচুর ও লুটের একটি মামলার বাদী কালশীর একটি মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন৷ গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ক্যাম্পের বাসিন্দারা হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। মসজিদের কোষাধ্যক্ষ ও গুলিবিদ্ধ সরদারকে ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁকে ক্যাম্পের লোকদের বিরুদ্ধে মামলা করতে বলে। তিনি আপত্তি জানালে পরে পুলিশের একজন এসে দুটি কাগজে তাঁর সই নিয়েছে। তিনি বোঝেননি তাঁকে বাদী করা হচ্ছে। ওই এজাহারে নাম থাকা আজাদ, আরিফ, জুয়েল, সাব্বির, নাসিম, সীমাকে তিনি চেনেন না৷
গতকালও ওই এলাকার দোকানপাট বন্ধ ছিল, উড়ছিল কালো পতাকা৷ পরিবেশ ছিল থমথমে৷ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ক্যাম্পের বাসিন্দারা জানান, তাঁরা এখনো আতঙ্কে আছেন। রাতে ঘুমাতে পারেন না। এর সঙ্গে যোগ হয়েছে মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়৷
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, ছয় মামলা তদন্তে ছয়জন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
প্রতিবাদ: গতকাল প্রথম আলোতে প্রকাশিত ‘নিহত আজাদের বিরুদ্ধে তিন মামলা’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ। প্রতিবাদলিপিতে বলা হয়, নিহত আজাদ পুলিশের করা মামলার আসামি নন। তিনি কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে। তাঁর বয়স ৩৫ বছর। পুলিশের করা মামলার আসামি হলেন বিহারি রিলিফ ক্যাম্পের বাসিন্দা মো. সেলিমের ছেলে আজাদ হোসেন (৪০)। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সরেজমিনে গেলে ক্যাম্পবাসী প্রথম আলোর কাছে অভিযোগ করেছিলেন, নিহত আজাদকে পুলিশ আসামি করেছে।