অগ্নিসংযোগ, ১৯টি দোকান-ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা মাসুম (২৮) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকার ক্ষুব্ধ লোকজন রাতেই ভাঙারি পট্টিতে আগুন দেয়। এতে ভাঙারি পট্টির রবিউল ইসলামসহ অন্তত আটজনের ১৭টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালীগঞ্জের চাপালী গ্রামের এস এম মাসুম পারভেজ শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে একটি সেলুনে বসে গল্প করছিলেন। এ সময় সেখানে আড্ডা দেওয়া নিয়ে শহরের ভাঙারি পট্টির কয়েক যুবকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই যুবকেরা ফিরে গিয়ে রডসহ লাঠিসোঁটা নিয়ে এসে মাসুমের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি পিটিয়ে মাসুমকে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভাঙারি পট্টিতে আগুন লাগিয়ে দেয়। এতে ওই ঘর ও দোকান পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত রবিউল ইসলামের বোন রুবি খাতুন জানান, তাঁর ভাইয়েরা মাসুমকে পিটিয়ে অন্যায় করেছে। কিন্তু সেজন্য এভাবে তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ঠিক নয়। তিনি বলেন, আগুনে ঘরবাড়ি পুড়ে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। আহত মাসুমের বাবা এস এম সামছুল আলম জানান, মাসুমকে যশোর হাসপাতালের চিকিৎসকেরা ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বলেছেন। তাঁর মাথায় অস্ত্রোপচার করাতে হবে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ভাঙারি পট্টিতে নানা অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। এলাকার মানুষ ওই পট্টির কিছু যুবকের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার তারা মাসুম নামের এক যুবককে পেটায়। এরপর ভাঙারি পট্টিতে আগুন লাগে। ক্ষুব্ধ লোকজন এই আগুন দিতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা দিতে আসেনি।