অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নে দুধকুমড়া গ্রামের এই বাড়িতে গতকাল আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নে দুধকুমড়া গ্রামের এই বাড়িতে গতকাল আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা l ছবি: প্রথম আলো

বাড়িতে অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক—চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে গতকাল শনিবার অনুষ্ঠিত ভোটের চিত্র ছিল এমনই। বিভিন্ন কেন্দ্রে সহিংসতায় ১১ জন আহত হয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বলেন, উপজেলার লতিফ বটতলী, বারশত, বরুমছড়া, বৈরাগ, রায়পুর ও পড়ৈকোড়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া গ্রামের একটি পাড়ায় গতকাল বেলা সাড়ে ১১টায় হামলা চালানো হয়। হামলাকারীরা সেখানকার একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। পুড়ে যাওয়া বাড়ির গৃহিণী লাকী আক্তার প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টায় ৮-১০ জন এসে হঠাৎ করে ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চোখের সামনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। রমজান উপলক্ষে ১৩ হাজার টাকার মালপত্র এবং ১১ হাজার টাকা ওমান থেকে তাঁর স্বামী পাঠিয়েছিলেন। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সন্ত্রাসীরা পাশের লাকীদের বাড়ির পাশের আরও পাঁচটি বাড়িতে ভাঙচুর চালায়। রান্নাবান্নার সামগ্রীসহ ঘরের চাল-ডাল ও গৃহস্থালি সরঞ্জাম বাইরে ফেলে দেওয়া হয়। চূর্ণবিচূর্ণ করা হয় দুটি টিভি সেটসহ ইলেকট্রনিক সামগ্রী।
ভাঙচুরের শিকার হওয়া একটি বাড়ির বাসিন্দা খালেদা বেগম বলেন, ‘আমি দুই শিশুসন্তান বাড়িতে থাকি। কোনো পুরুষ নেই। ভোট নিয়েও আমাদের উৎসাহ নেই। আমাদের অপরাধ কী?’
দুধকুমড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন অগ্নিসংযোগ ও ভাঙচুরের জন্য নৌকা প্রতীকের লোকজনকে দায়ী করেন। তিনি বলেন, ‘দুধকুমড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ভোটকেন্দ্র দখল করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা আমাদের পাড়ায় গুলি ছুড়তে ছুড়তে এসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। হামলার সময় কেন্দ্রে বিজিবির সদস্যরা উপস্থিত ছিল। ভয়ে কেন্দ্রে ঘেঁষতে পারেনি বলে এই তাণ্ডবলীলা চালায়।’
দুধকুমড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ নাছির উদ্দিন এ ঘটনার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেন। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ও বিজিবির সদস্যরা কেন্দ্রে উপস্থিত ছিল বলে সন্ত্রাসীরা আমাদের এখানে ঢুকতে ব্যর্থ হয়েছে। তবে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।’
বারশত ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম শাহ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপি প্রার্থীর লোকজন দুধকুমড়া এলাকায় বাড়িঘরে অগ্নিসংযোগ ও তাণ্ডবলীলা চালিয়ে আমার সমর্থকদের দায়ী করছেন। এ বর্বর ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
এদিকে উপজেলার বটতলী ইউনিয়নে বটতলী এস এম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০ গজ দূরে বটতলী শাহ মোহছেন আউলিয়া (রা.) উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল বেলা ১১টা থেকে ভোট গ্রহণ বন্ধ ছিল। এই দুটি কেন্দ্রের অদূরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ কারণে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট নেওয়া বন্ধ রাখেন।
সংঘর্ষের জন্য বটতলী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থীর লোকজন দখল করে।
গতকাল সকাল সাড়ে নয়টায় বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নোয়াব আলী। গত শুক্রবার বিকেলে বৈরাগ গ্রামের আমানউল্লাহ পাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক মোহাম্মদ ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়। এর জের ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির পরিবার এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ সমর্থক ইউপি সদস্য প্রার্থী মুছা তালুকদার ও চেয়ারম্যান প্রার্থী নোয়াব আলীকে অভিযুক্ত করছে।
পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হক চৌধুরী বলেন, প্রার্থীদের সঙ্গে স্থানীয় লোকদের ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। তবে এই কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট আসেনি।
নিহত ফারুকের ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়ায় নৌকার লোকজন কৌশলে ভাইয়াকে ডেকে নিয়ে হত্যা করে।’