অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে বললেন মন্ত্রী

পোশাক কারখানায় যারা আগুন দেয়, তাদের চিহ্নিত করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পোশাকশ্রমিক নেতারা দেখা করতে গেলে এ আহ্বান জানান মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মালিক-শ্রমিক সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কারখানায় উত্পাদন অব্যাহত রাখতে হবে। কারণ আগুন দিলে, কারখানা ভাঙচুর করলে, তাতে শুধু মালিক নয়, শ্রমিকেরও ক্ষতি। তাই নিজেদের স্বার্থেই সেটা করা যাবে না।
এ সময় শ্রমিক নেতারা বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন তিন হাজার থেকে পাঁচ হাজার ৩০০ টাকা করা হলেও শ্রমিকেরা খুব বেশি লাভবান হবেন না। কারণ ইতিমধ্যে বাড়িভাড়া বেড়ে গেছে। বাজারে নিত্যপণ্যের মূল্য অসহনীয় পর্যায়ে।
এ পর্যায়ে মন্ত্রী বলেন, প্রতিটি পোশাক কারখানায় যদি আবাসনের ব্যবস্থা থাকত, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। ভবিষ্যতে ক্ষমতায় এলে এ কাজটি করা যায় কি না, তা দেখা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক নেত্রী নাজমা আক্তার প্রমুখ।