অগ্নিসন্ত্রাসীদের কেউ রেহাই পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের তিন মাসের অবরোধ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের আত্মীয়স্বজনের মাঝে চেক বিতরণকালে গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘জনগণের ক্ষতিসাধনের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অগ্নিসন্ত্রাসীদের কেউ রেহাই পাবে না। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছি। কারণ তাদের শাস্তি না হলে তারা আবারও একই ঘটনা ঘটাবে।’ তিনি গতকাল বিএনপি-জামায়াত জোটের ৯২ দিনের তথাকথিত অবরোধে অগ্নিসন্ত্রাসের শিকার ৩৭ ব্যক্তি, তাঁদের আত্মীয়স্বজন এবং ১৮৫ জন ক্ষতিগ্রস্ত পরিবহনমালিকের মাঝে ৮ কোটি ৩৭ লাখের বেশি টাকার ২২২টি চেক বিতরণ করেন।
চেক বিতরণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। আমাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াতে চাই। সেই চিন্তা-চেতনা থেকে সাহায্য-সহায়তার চেষ্টা করছি।’ তিনি বলেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে জনগণের ক্ষতিসাধন ও জীবন্ত মানুষ পোড়ানোর মতো এমন নৃশংসতার কথা কল্পনাও করা যায় না। বিএনপি-জামায়াত চক্রের নিষ্ঠুরতা ও তাণ্ডবের মতো ঘটনা বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি।
বিএনপি ও জামায়াতের ধ্বংসযজ্ঞ মোকাবিলা ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সাহসী ভূমিকা দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।’ তিনি বলেন, দেশের মানুষ আর এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। একটি পরিবারের একজনের মৃত্যুতে ওই পরিবারের অনেক ক্ষতি হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম।
বাংলাদেশে অর্থায়ন বাড়ানোর আহ্বান: বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল-দাফিরি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল এ সাক্ষাৎ হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ঢাকায় পাঁচ বছরের মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখার জন্য তাঁর প্রশংসা করেন।
বাংলাদেশ সব সময় কুয়েতের পাশে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ আশা করে। রাষ্ট্রদূত চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ সংস্কারের জন্য ১০ লাখ মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেন।