অগ্রগতি আছে, তবে তিস্তা চুক্তির ক্ষণ বলা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা চুক্তি কবে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তবে তিস্তা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপের উদ্বোধনী অধিবেশনে গওহর রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে।উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘ভারত ও মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী। এ দুই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করতে হবে। আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করছি।’গওহর রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনেক দূর এগিয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী অনেক বিষয়ে আলোচনা করেছিলেন। সেগুলো বাস্তবায়ন করে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গওহর রিজভী বলেন, ‘একজন মানুষকেও না সরিয়ে আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি। একটি লোককে বাড়িঘর ছাড়তে হয়নি। ২৪ ঘণ্টা এখন তিনবিঘা করিডরে যাওয়া যায়। আজ বাংলাদেশ থেকে যত পণ্য ভারতে রপ্তানি হয়, তার ৯৮ শতাংশই শুল্কমুক্ত।’গওহর রিজভী বলেন, ‘অনেক অর্জন থাকলেও অনেকে মনে করেন, সবকিছু আটকে গেছে তিস্তায়। তবে তিস্তা চুক্তি না হওয়াটা দুই দেশের সম্পর্কে একটি প্রতিবন্ধকতা। আমাদের মধ্যে সমঝোতা হচ্ছে। তিস্তা চুক্তি হতে সময় লাগবে। সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলা যাবে না।’সংলাপে ওআরএফের সভাপতি ভারতের সাবেক কূটনীতিক এম কে রাজগোত্রা বলেন, ‘আমি মনে করি, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সীমান্তে হত্যা বন্ধ করা জরুরি।’ টিপাইমুখে দুই দেশের যৌথ সম্ভাব্যতা যাচাইয়েরও প্রস্তাব দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইআইয়ের সভাপতি ফারুক সোবহান। দুই দিনব্যাপী এ সম্মেলনের চারটি অধিবেশনে দুই দেশের সম্পর্ক, সন্ত্রাস প্রতিরোধের কৌশল নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ও বাংলাদেশের সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা সম্মেলনে অংশ নিচ্ছেন।