অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমিনবাজারের বড়দেশী গ্রামে পিটুনিতে নিহত ছয় ছাত্রের বিরুদ্ধে হওয়া দুটি মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটসের পক্ষে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বছরের ১৯ জুলাই হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। পরে এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় ছাত্র নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়। কমিটি আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন শুনানি করেন। মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ছয় ছাত্রের বিরুদ্ধে হওয়া দুটি মামলার তদন্তের সর্বশেষ অবস্থা দুই সপ্তাহের মধ্যে জানাতে সিআইডির প্রধানকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত ১ মার্চ চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে, তা কী অবস্থায় আছে, সে ব্যাপারে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমানকে জানাতে একই সময় বেঁধে দেওয়া হয়েছে। গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে বড়দেশী গ্রামে রাজধানীর দারুসসালাম ও শ্যামলী এলাকার ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। নিহত ছাত্ররা হলো: শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, শেখ টিপু সুলতান, তৌহিদুর রহমান ওরফে পলাশ, কামরুজ্জামান ওরফে কান্ত ও সিতাব জাবির। এ ঘটনায় আল আমিন নামের আরেক ছাত্র বেঁচে যায়। ওই ঘটনায় সাভার থানায় দুটি মামলা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে ‘গণপিটুনি দিয়ে অজ্ঞাতনামা ডাকাত’ মারার অভিযোগে ৫০০-৬০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। নিহত ছয় ছাত্রকে আসামি করে টাকা লুটের অভিযোগে মামলা করেন বালু ব্যবসায়ী আবদুল মালেক।