প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের এক বছর পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমমানের উন্নয়নে কতটা অগ্রগতি হয়েছে তা দেখতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে জার্মানির একটি সংসদীয় দল।
বুন্দেসতাগ (জার্মান সংসদ) সদস্য ডাগমার ভোহের্লের নেতৃত্বাধীন সাত সদস্যের প্রতিনিধিদলটি গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে।
জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সফরের সময় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্য রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করবে।
এ ছাড়া জার্মান সংসদের অর্থনৈতিক সহায়তা ও উন্নয়নবিষয়ক কমিটির প্রতিনিধিদলটি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কমিটিতে (সিআরপি) রানা প্লাজা দুর্ঘটনার শিকার হওয়া শ্রমিকদের দেখতে যাবেন। পোশাক কারখানার শ্রমিকদের পরিস্থিতি কেমন তা দেখতে তাঁরা সাভারের কয়েকটি কারখানা ঘুরে দেখবেন।