অগ্রগতি নেই এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রগতি নেই বর্তমান সরকারের নেওয়া উদ্যোগেরও। সরকার ক্ষমতায় আসার পর নদী ও জলাধারের দখল ও দূষণ রোধ করতে গঠিত নদী দূষণ ও অবৈধ জমি দখল-সংক্রান্ত সংসদীয় উপকমিটি ‘ঢাকার চারপাশের নদীগুলো ও অভ্যন্তরীণ জলাশয়ের দূষণ প্রতিরোধ কৌশল’ নামে একটি পরিকল্পনা তৈরি করে। ২০১০ সালে করা এই প্রতিবেদনে নীতিগত, ব্যবস্থাপনামূলক ও কারিগরি—এই তিন ধরনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সত্যি বলতে খুব বেশি অগ্রগতি নেই।’ নদীর সঙ্গে জড়িয়ে থাকা একাধিক প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জড়িয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করেন সাবের চৌধুরী।

জেলা প্রশাসন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় সরকারের একাধিক মন্ত্রণালয় ও দপ্তর কোনো না-কোনোভাবে নদীর সঙ্গে জড়িত। এদের মধ্যে নেই সমন্বয়। সমন্বয়হীনার কথা স্বীকার করে খোদ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রব্বানী বললেন, যেখানে সবার দায় থাকে সেখানে কারও দায় নেই।

এই দায়হীনতার মধ্যে নদীর দূষণ রোধে এখন পর্যন্ত গঠিত বড় কর্তৃপক্ষ হলো সরকারের আটটি মন্ত্রণালয়, বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে নিয়ে গঠিত টাস্কফোর্স। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কমিটির প্রধান। এর কাজ নিয়েও হতাশ পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা।

এ যাবৎ টাস্কফোর্সের সবচেয়ে বড় কাজ হলো ঢাকার পাঁচ নদীর সীমানা নির্ধারণ। অনেক শোরগোল তুলে এই কাজটি করা হয়, কিন্তু পরিবেশবাদীসহ নদী বিশেষজ্ঞরা এই সীমানা পুনর্বিন্যাসকে প্রত্যাখ্যান করেছেন।

বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীকে বৃত্তে আবদ্ধ করে ফেলা হয়েছে। নদীর পাশের প্লাবন সমভূমিও যে নদীর অংশ, এই বোধটা নেই সরকারি কর্তৃপক্ষের।

২০১০ সালে বুড়িগঙ্গার তলদেশ পরিষ্কারের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। স্থপতি ইকবাল হাবীব বলেন, বুড়িগঙ্গা থেকে উঠানো বর্জ্য আবার সেখানেই গেছে। কাজের কাজ কিছু হয়নি। তাঁর এই দাবি অবশ্য মানেন না শাজাহান খান। তিনি বললেন, কিছুটা হলেও নদীর হাল ফিরেছে।