অগ্রগতি নেই, ঢাকায় পাঠানো হচ্ছে জব্দ মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাজক হত্যা চেষ্টা মামলা
যাজক হত্যা চেষ্টা মামলা

পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলেও গতকাল শনিবার পর্যন্ত দায়ী ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্যই পায়নি পুলিশ।
এ পরিপ্রেক্ষিতে আজ আদালতের অনুমতি পাওয়া গেলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটির মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে এটি ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে পুলিশ।
লুক সরকার মামলা করার পর পুলিশ ঈশ্বরদী এলাকা থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামের সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে। বর্তমানে ওবায়দুল কারাগারে। তবে আহত যাজক সাংবাদিকদের বলেন, আটক হওয়া যুবক ঘটনার সময় উপস্থিত ছিলেন না।
হামলাকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটির ব্যাপারে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভুয়া নাম দিয়ে এটির নিবন্ধন করা হয়েছে। পরে ইঞ্জিন ও চেসিস নম্বর নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ প্রথম আলোকে বলেন, চেসিসের নম্বরটি বোঝা যাচ্ছে। কিন্তু ইঞ্জিনের নম্বরটিতে ঘষামাজা করার কারণে তা অস্পষ্ট। ইঞ্জিনের নম্বরটি জানার জন্য পরীক্ষা-নিরীক্ষার দরকার। এ জন্য আজ রোববার আদালতের অনুমতি পাওয়া গেলে মোটরসাইকেলটি ঢাকায় বিআরটিএতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, ইঞ্জিনের নম্বর জানা গেলে মোটরসাইকেলটির আমদানির স্থান, বিক্রয়কেন্দ্র ও ক্রেতা সম্পর্কে তথ্য পেতে সুবিধা হবে।
গ্রেপ্তার হওয়া ওবায়দুলের ব্যাপারে ওসি বলেন, তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আজ আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে।
এদিকে ঘটনার পর থেকে নিজের বাসাতেই অবস্থান করছেন যাজক লুক সরকার। পরিবারের সদস্যরা জানান, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত সোমবার মোটরসাইকেলে তিনজন যুবক এসে বাড়িতে প্রবেশের পর স্থানীয় গির্জার যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করেন।