অগ্রগতি নেই পোস্টাল ক্যাশ কার্ড পরিষেবার
বাংলাদেশ ডাকঘর পরিচালিত পোস্টাল ক্যাশ কার্ড (পিসিসি) পরিষেবা ঝিমিয়ে পড়েছে। তিন বছরেও এর সেবা কার্যক্রমে আশানুরূপ কোনো অগ্রগতি দেখা যায়নি চট্টগ্রামসহ ডাকঘরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে।
২০১১ সালের জুলাই মাসে পোস্টাল ক্যাশ কার্ড সেবা চালু করা হয়। এ কার্ডের মাধ্যমে একজন গ্রাহক এখন শুধু ডাকঘরের মাধ্যমে তাঁর জমানো টাকার লেনদেন এবং অপর গ্রাহকের হিসাবে টাকা পাঠানোর সুযোগ পাচ্ছেন। কিন্তু কার্ড চালুর সময় ভবিষ্যতে এ কার্ড দিয়ে সরকারি বিভিন্ন ভাতার টাকা তোলা, বিল পরিশোধ, সুপার শপ, শপিং মল থেকে কেনাকাটার সুবিধা, বিমার প্রিমিয়াম পরিশোধ, এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার সুবিধা এবং ২৪ ঘণ্টার সেবাদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
জানা গেছে, প্রচার-প্রচারণার অভাব, ব্যবহারের সীমাবদ্ধতা, নিরাপত্তার সমস্যা, বুথের স্বল্পতা ইত্যাদি কারণে এ সেবা কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি ডাক বিভাগের বাৎসরিক মূল্যায়নে এসব অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। এতে এ সেবা কার্যক্রমকে জনপ্রিয় করে তোলার বিষয়ে ডাক বিভাগের মহাপরিচালকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে কয়েকটি প্রস্তাবনা পাঠানো হয়।
এ প্রসঙ্গে ডাক বিভাগ পূর্বাঞ্চলের সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পোস্টাল ক্যাশ কার্ড সেবা কার্যক্রমকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য ঊর্ধ্বতন মহলে সুপারিশ পাঠানো হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আরও গতি সঞ্চার হবে আশা করছি। প্রয়োজনীয় জনবল, অবকাঠামো এবং যানবাহন সুবিধার অভাবে কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে।’
পোস্টাল ক্যাশ কার্ডের ভবিষ্যৎ সেবা কার্যক্রমগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পোস্টাল ক্যাশ কার্ডকে সংক্ষেপে বলা হয় পিসিসি। এটি হচ্ছে ইলেকট্রনিক লেনদেন পদ্ধতি। পিওএস (পয়েন্ট অব সার্ভিস) মেশিনের সাহায্যে এ কার্ডে লেনদেন হয়।
ডাক বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, কার্ড ইস্যু করার সময় প্রতিটি কার্ড কার্যকর থাকবে। পিসিসি কেনার জন্য একজন গ্রাহককে আবেদনপত্রের সঙ্গে ৪৫ টাকা জমা দিতে হবে। এরপর তাঁর হিসাবে ১০ টাকা জমা হবে। এরপর গ্রাহক লেনদেন শুরু করতে পারবেন।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ পূর্বাঞ্চলের ১৭টি জেলায় বর্তমানে ৪৬৪টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড সেবা চালু রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সব ডাকঘরে এ সেবা চালু করা যাচ্ছে না। তা ছাড়া লোকবল ও যানবাহন সংকটের কারণে এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে টাকা আনা-নেওয়ায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে।