অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনার অধিকতর তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মো. শামস উদ্দিন খালেদের আদালত গতকাল সোমবার এ আদেশ দেন।
বেলা ১১টায় বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান আদালতের কাছে কল্পনা চাকমার অপহরণ ঘটনার অধিকতর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তিনি আদালতকে জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি বিজ্ঞ আদালত রাঙামাটি জেলার পুলিশ সুপার মহোদয়কে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে ২৫ বার। মামলাটির বিষয়ে যথাযথভাবে আদালতের নির্দেশনা পালন করা হচ্ছে কি না এ বিষয়ে জুয়েল দেওয়ান জানতে চান।
আদালত তাঁর আবেদন মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর অধিকতর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শুনানির সময় মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা ও পুলিশের আদালত পরিদর্শক মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন।