রানা প্লাজা ধসের এক বছর পর তৈরি পোশাকশিল্পের পরিবেশের উন্নতিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।
কানাডা ও যুক্তরাজ্য হাইকমিশন এবং নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন। আলোকচিত্রী এন্ড্রু বিরাজের ‘লাইফ অ্যান্ড স্ট্রাগল অব গার্মেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আজ ২৩ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত দৃক গ্যালারিতে চলবে।
কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের বাসভবনে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
হিদার ক্রুডেন বলেন, ‘তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নতিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা। দেশের সবচেয়ে বড় ও ক্রমবর্ধমান এ খাতটি বাংলাদেশের অর্থনীতি এবং উল্লেখযোগ্য হারে নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, লোকজনের জন্য নিরাপদ ও স্বাস্থ্য-সম্মত কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশকে ভালোভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গে আইএলওর এ প্রকল্পটিতে আমাদের সহায়তা ভূমিকা রাখবে।’
যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, গত বছর সাভারের বিয়োগান্ত ঘটনায় মর্মান্তিক প্রাণহানি বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের লোকজনকেও আহত করেছে। উল্লেখযোগ্য অগ্রগতি যেমন হয়েছে, বড় চ্যালেঞ্জও রয়ে গেছে। এখন অগ্রাধিকার হচ্ছে অগ্রগতিটা ধরে রাখা। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জারবেন এস ডি সং বলেন, প্রদর্শনীতে উপস্থাপিত তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নির্মম ছবি এক বছর আগের রানা প্লাজা ধসের সময়কার গভীর আবেগকে মনে করিয়ে দেয়।