বাংলাদেশের আইনি-প্রক্রিয়া সাধারণভাবে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) মানদণ্ড ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এ ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে অনেক দূরে আছে দেশটি।দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনভেনশনটি বাস্তবায়নবিষয়ক এক মূল্যায়ন প্রতিবেদনে এ অভিমত দেওয়া হয়েছে।ইউএনসিএসির বাস্তবায়ন মূল্যায়ন-প্রক্রিয়ার সমর্থনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ প্রতিবেদন তৈরি করেছে। সম্প্রতি মরক্কোর মারাকেশে জাতিসংঘের ওই সনদে সম্মতি দেওয়া দেশগুলোর সম্মেলনের অংশ হিসেবে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে অবশ্য এ-ও বলা হয়, দুর্নীতি দমনের প্রয়াস হিসেবে বাংলাদেশ সরকার আইনি-প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর ইউএনসিএসির সঙ্গে সঙ্গতি রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন, তথ্য কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশনের পুনর্গঠন, অর্থ পাচার রোধ আইন ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন প্রণয়নের কথা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়। কিন্তু এতে এটাও বলা হয়, দুর্নীতি দমনের যে রাজনৈতিক ও নির্বাচনী প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, প্রয়োগের ক্ষেত্রে তা ভয়ভীতি কিংবা কারও প্রতি পক্ষপাতিত্বের কারণে বাস্তবায়িত হয়নি। কখনো কখনো রাজনৈতিক বিবেচনায় আইনি প্রক্রিয়াকে পাশ কাটানো হয়েছে। দুর্নীতি দমন অধ্যাদেশের প্রস্তাবিত সংশোধনীর উল্লেখ করে প্রতিবেদনে দুদকের কিছু কর্মকর্তার বিশ্বাসযোগ্যতা ও দুদকের আচরণবিধির প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, দুদককে শক্তিশালী করার পাশাপাশি এর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অধ্যাদেশের প্রস্তাবিত সংশোধনী পাস করাটা ঠিক হবে না। কারণ এতে দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষুণ্ন হবে। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ২০০৭ সালে ইউএনসিএসিতে যুক্ত হওয়ার পর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় আমরা যেমন একদিকে বাংলাদেশ সরকারের প্রশংসা করি, আবার সরকারের কিছু পদক্ষেপ আমাদের জন্য উদ্বেগ তৈরি করে। কারণ এসব পদক্ষেপ দুর্নীতি দমনের প্রয়াসকে ব্যাহত করবে।’ এ প্রসঙ্গে তিনি দুর্নীতি দমন অধ্যাদেশ সংশোধনের উদাহরণ দিয়ে বলেন, এটি আইন আকারে পাস হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা ও কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হবে।