অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে ধর্মীয় উগ্রবাদ: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘কেবল দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বে অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে ধর্মীয় উগ্রবাদ। কিন্তু আমাদের হাজার বছরের ঐতিহ্য হলো ধর্মীয় সহাবস্থান। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে হবে।’
আজ শুক্রবার সকালে ‘ধর্ম ও রাজনীতি: দক্ষিণ এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক গণবক্তৃতা ও সম্মিলন এবং প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আহ্বায়ক মুনতাসীর মামুন।
প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘কেবল দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বে অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে ধর্মীয় উগ্রবাদ। কিন্তু আমাদের তিন হাজার বছরের সংস্কৃতি হলো ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতি। এই ধারাবাহিকতা রক্ষা করতে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছর পরের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে স্বাধীনতার ২৯ বছর পর ১৯৭৬ সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতিতে ফিরিয়ে আনা হয়।’

সম্মেলনের বক্তব্য দিচ্ছেন মুনতাসীর মামুন। ছবি: ইউসুফ সাদ
সম্মেলনের বক্তব্য দিচ্ছেন মুনতাসীর মামুন। ছবি: ইউসুফ সাদ

দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর দেশে ধর্মভিত্তিক রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ দুইবার ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াতের ধর্মান্ধ শক্তি ধর্মের অপব্যবহার করে ধর্মপ্রাণ মানুষকে প্রভাবিত করেছে। সে সময় ধর্মীয় সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে হবে।

উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ মশিউল হাসান। তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন করেছে, কিন্তু সমাজ এখনো ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে পারেনি। তিনি আরও বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় ধর্মীয় উগ্রতার উদ্ভব ঘটেছে এবং অনেক জায়গায় সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও পাচ্ছে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন।