
রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পে অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতে দেশি-বিদেশি উদ্যোগ নেওয়া হয়। ঝুঁকিপূর্ণ ৩৯ পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। রপ্তানিমুখী অর্ধেক পোশাক কারখানার সংস্কারকাজ তিন-চতুর্থাংশ সম্পন্ন হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় বিপুলসংখ্যক শ্রমিক প্রশিক্ষণ পেয়েছেন। চালু হয়েছে তথ্যসেবা কেন্দ্র।
বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের পর গত চার বছরে পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিতে এ রকম বেশ কিছু কাজ হয়েছে। এ ছাড়া সরকার দ্রুততর সময়ে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করে। শ্রম আইনে সংশোধনী এনে শ্রমিককল্যাণের বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয়।
এসব উদ্যোগের কারণে রানা প্লাজা ধসের পর পোশাক রপ্তানিতে ধসের শঙ্কাটি শেষ পর্যন্ত সত্য হয়নি। ২০১২-১৩ অর্থবছরে ২ হাজার ১৫১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। সর্বশেষ অর্থবছরে পোশাক রপ্তানি বেড়ে ২ হাজার ৮০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। তার মানে তিন বছরের ব্যবধানে ৩০ শতাংশ বা ৬৫৮ কোটি ডলারের পোশাক রপ্তানি বেড়েছে।
এতসব ইতিবাচক ঘটনার উল্টোপিঠে আছে অন্য চিত্র। মামলা চলমান থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত দোষীদের কেউ শাস্তি পাননি। ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনকে বিশেষ ব্যবস্থায় বিভিন্ন অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও সেটিকে আইনি কাঠামোতে আনা যায়নি। উচ্চ আদালতের নির্দেশে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের ক্ষতির মাত্রা ও ক্ষতিপূরণের হার নির্ধারণ করে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি। তবে কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর কোনো ধরনের রায় দেননি হাইকোর্ট। এর ফলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে আইন অনুযায়ী এক লাখ টাকাই ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত শ্রমিক। এ ছাড়া শ্রম আইন সংশোধন করা হলেও ট্রেড ইউনিয়ন গঠন ও চর্চায় শ্রমিকেরা বাধা শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
ঠিক ৪ বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল নয়টার কিছু আগে সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনা ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনায় ভবনের পাঁচটি পোশাক কারখানায় কর্মরত ১ হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হন। আহত হন সহস্রাধিক শ্রমিক। গুরুতর আহত ৮১ জনের অধিকাংশই হাত-পা হারান।
একাধিক শ্রমিকনেতা অভিযোগ করেন, সরকার ও মালিকেরা নিজেদের উদ্যোগে পরিবর্তন আনতে চান না। সে জন্য রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক মহল যেসব বিষয়ে চাপ দিয়েছিল, শুধু সেখানে উন্নতি হয়েছে। তবে দোষী ব্যক্তিদের বিচারসহ শ্রমিক অধিকারের অনেক বিষয় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না।
জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, গত দুই-তিন বছরে অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসে পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেনি, এটি বিরাট সাফল্য। তবে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো বিদেশি সংস্থার প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিতে অগ্রগতি হলেও সরকারপক্ষ এ কাজে পিছিয়েই আছে।
রানা প্লাজা ধসের পর চাপের কারণে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সংখ্যা বাড়ে। বর্তমানে প্রায় ৫৪০টি কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। এমন তথ্য দিয়ে কল্পনা আক্তার বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনই সবকিছু নয়। এতগুলো ইউনিয়ন থাকলেও বিধিনিষেধের কারণে ৫০টি কারখানায়ও তা কার্যকর নেই। তিনি বলেন, রানা প্লাজা ধসের পর তড়িঘড়ি করে মজুরি বৃদ্ধি করা হয়। তবে গত তিন বছরে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। শ্রমিকের মজুরির সিংহভাগ থাকা-খাওয়ায় চলে যাচ্ছে। কিন্তু যখন মজুরি বৃদ্ধির আন্দোলন হয়, তখন এমনভাবে দমন করা হয় যেন শ্রমিকেরা অপরাধ করছেন।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণ বিষয়ে আগের চেয়ে অগ্রগতি হয়েছে। দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে শ্রম আইন অনুযায়ী ১ লাখ ও বিমা দাবি থেকে ২ লাখ এবং সরকারের তহবিল থেকে ৩ লাখ টাকা পান। এই তহবিলে মালিকেরাই অর্থ দেন।
অবশ্য ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক বলেন, আইনে ক্ষতিপূরণের যে হার নির্ধারণ আছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মরত অবস্থায় শ্রমিক নিহত হলে আইএলওর ১২১ কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের হার নির্ধারণ করা উচিত।