অগ্রণী ব্যাংক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
অগ্রণী ব্যাংকের ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা শাখায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। একই রাতে ডাকাতেরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামে তিনজনকে জখম করে টাকা ও আসবাব লুট করেছে।অগ্রণী ব্যাংকের কলাকোপা শাখার ব্যবস্থাপক আবু জায়েদ কাদেরী জানান, সকালে কর্মীরা ব্যাংকে এসে গ্রিল কাটা দেখতে পান। লকার ছিল ভাঙা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ব্যবস্থাপক জানান, ‘আমার হিসাব অনুযায়ী লকারে প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে কোনো এক সময় ডাকাতেরা লকার ভেঙে ওই টাকা নিয়েছে।’সোনারগাঁর ব্যবসায়ী জসিম চৌধুরী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামে তাঁর ছেলে জমি ব্যবসায়ী সেলিম চৌধুরীর বাসা। বুধবার দিবাগত রাত দুইটার দিকে মুখোশধারী ডাকাতেরা অস্ত্র নিয়ে ওই বাড়ির প্রধান ফটক ও দরজা ভেঙে ফেলে। ডাকাতেরা ঘরে ঢুকে প্রথমে কুপিয়ে সেলিমকে জখম করে। পরে ডাকাতেরা সেলিমের স্ত্রী ও মেয়ের হাত-পা বেঁধে পিটিয়ে ৫০ হাজার টাকাসহ ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, মুঠোফোন ও আসবাবসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সেলিমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।