অগ্রণী ব্যাংকের এমডি ও সাবেক চেয়ারম্যানকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাবেক চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সাবেক ১৫ সদস্যসহ ১৮ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ভুয়া মর্টগেজের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়।
গতকাল বুধবার দুদক কার্যালয় থেকে উপপরিচালক বেনজীর আহম্মদ স্বাক্ষরিত আলাদা আলাদা নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে বলে সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে। নোটিশে তাঁদের ২০, ২১ ও ২২ জুন সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান কর্মকর্তার কাছে বক্তব্য দিতে বলা হয়েছে।
যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হক এবং ব্যাংকের সাবেক ১৫ পরিচালক আরাস্তু খান, আব্দুস সবুর, কে এম এন মঞ্জুরুল হক, এ কে গোলাম কিবরিয়া, বলরাম পোদ্দার, আব্দুর রউফ সরদার, আলতাফ হোসেন মোল্লা, রণজিৎ কুমার চক্রবর্তী, এ বি এম কামরুল ইসলাম, নাগীবুল ইসলাম দীপু, শেখর দত্ত, জাকির আহমেদ, শাহজাদা মহিউদ্দিন, সৈয়দ বজলুল করিম ও আব্দুস জহির চৌধুরী সুফিয়ান। বর্তমান এমডি সৈয়দ আবদুল হামিদ ও ডিএমডি মিজানুর রহমান খানকেও তলব করা হয়েছে।
গত ১৮ মে অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ অভিযোগের সঙ্গে ব্যাংকটির এমডি ও ডিএমডির সংশ্লিষ্টতার কথা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে উঠে এসেছে। ইতিমধ্যে ক্ষমতার অপব্যবহার ও ঋণ কেলেঙ্কারির অভিযোগে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হিসেবে বাংলাদেশ ব্যাংকে তাঁর শুনানি শুরু হয়েছে।