অগ্রণী ব্যাংকের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গত ২৭ আগস্ট প্রকাশিত ‘কার সম্পত্তি নিলামে তুলছে অগ্রণী ব্যাংক!’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে অগ্রণী ব্যাংক।
ব্যাংকের জনসংযোগ বিভাগ গত সোমবার পাঠানো প্রতিবাদপত্রে বলেছে, নিয়ম মেনেই মুন বাংলাদেশ ও মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেসকে ঋণ দেওয়া হয়েছে ও নিলাম ডাকা হয়েছে। প্রতিবেদনে কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫২ শতাংশ জমির দাবিদার জয়নাল আবেদীনের করা মামলা বিচারাধীন বলে উল্লেখ করা হয়েছে। ফলে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা যথার্থ নয়।
প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংক তদন্ত করে বলেছে, অগ্রণী ব্যাংক কাগজপত্র যাচাই না করে ঋণ দেওয়ায় জনগণের আমানতের অর্থ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন, প্রতিবেদনের ভিত্তিতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে দায়ী করে পর্ষদ ও ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, সম্পত্তির মালিকানা নিয়ে করা মামলার আরজি এবং অভিযুক্ত ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলে। প্রতিবেদনে ঋণ বিতরণ প্রক্রিয়াটি যে যথাযথ ছিল না, সে বিষয়েই জোর দেওয়া হয়েছে। তা ছাড়া মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও অগ্রণী ব্যাংক ঋণ দিয়েছে, এখন আবার নিলামেও তুলেছে।