অগ্রণী ব্যাংকের ফল নিয়ে আপত্তি
অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফলে ‘ভুল’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন হাজারো প্রার্থী। তাঁদের অভিযোগ, ‘বি’ সেটে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ৬০ থেকে ৭৫ পর্যন্ত পেয়েও উত্তীর্ণ হননি। অথচ ‘এ’ সেটে ৫৫ পেয়েও সবাই উত্তীর্ণ হয়েছেন।
গত বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের পর গতকাল ৯০০ প্রার্থী মোবাইল ফোন, খুদে বার্তা ও ফেসবুকের ইনবক্সে প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, এই ফলে ভুল হয়েছে। তাঁরা বলছেন, এ সেটে ৫৫ থেকে ৬০ পেয়ে সবাই উত্তীর্ণ পেলেও বি সেটে ৬০ থেকে ৭৫ পেয়েও কেউ উত্তীর্ণ হয়নি। তাঁরা বি সেটের ফল পুনরায় যাচাইয়ের দাবি তুলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ অগ্রণী ব্যাংকের এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেয়েছিল। বিষয়টি নিয়ে জানতে চাইলে ওই বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি কাট মার্ক নির্ধারণ করে ফল দিয়েছে। ওএমআর খাতা মূল্যায়ন করেছে কম্পিউটার। এমন ভুল হওয়ার কথা নয়।’
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বলেন, ‘আমরা ৫৫ কাট মার্কস ধরে ৮ হাজার ১৯২ জনকে রেখেছি। এ ধরনের ভুল হওয়ার কথা নয়। এ সেট বি সেটে একই প্রশ্ন ছিল। অভিযোগ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাক প্রার্থীরা।’