অগ্রণী ব্যাংকের লকার থেকে ২৫ ভরি স্বর্ণালংকার খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে এক গ্রাহকের ২৫ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ব্যাংক বলছে, লকারে গ্রাহক কী রাখেন, তার দায় ব্যাংকের নয়। হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, সাত বছর আগে ব্যাংকের শাখায় একটি লকার ভাড়া নেন তিনি। ওই লকারে তাঁর স্ত্রী নিয়মিত স্বর্ণালংকার রাখতেন। সর্বশেষ গত ৭ অক্টোবর লকারে দুটি কাপড়ে মুড়িয়ে ৮০ ভরি স্বর্ণালংকার রাখেন। ৮ নভেম্বর একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য লকার খুলে দেখেন, ২৫ ভরি স্বর্ণালংকার নেই। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক খোন্দকার শফিউল আলমকে জানান। ব্যবসায়ীর স্ত্রী হাসরাত জাহান বলেন, ‘ওই লকারে একবার চাবি ঘোরালেই তালা খুলে যেত। কিন্তু ৮ নভেম্বর কয়েকবার চেষ্টা করেও তালা খুলতে পারিনি। পরে ব্যাংকের এক কর্মকর্তার সহায়তায় তালা খুলি। এই চুরির সঙ্গে ব্যাংকের কর্মকর্তারা জড়িত।’শাখার ব্যবস্থাপক খোন্দকার শফিউল আলম বলেছেন, নিয়ম অনুযায়ী ব্যাংকের লকার থেকে চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ডসহ যেকোনো কারণে কিছু হারালে বা নষ্ট হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ দায়ী নয়। কারণ, গ্রাহক লকারে কী রাখেন, তার দায়িত্বও ব্যাংক কর্তৃপক্ষের নয়। লালবাগ থানার ওসি আজিজুল হক বলেন, ‘গয়না খোয়া যাওয়ার ঘটনায় হাবিবুর রহমান একটি জিডি করেছেন।’