অগ্রণী ব্যাংকের হাটখোলা শাখার ব্যবস্থাপক গ্রেপ্তার
রাজধানীর সূত্রাপুর থানাধীন অগ্রণী ব্যাংকের হাটখোলা শাখার ব্যবস্থাপক আবদুল মালেক মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সূত্রাপুর থানার পুলিশ ১১ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংক থেকে তাঁকে গ্রেপ্তার করে। থানা সূত্র জানায়, গতকাল বিকেলে টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হওয়ার পর অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ফরিদুল ইসলাম বাদী হয়ে আবদুল মালেক ও ব্যাংকের সেকেন্ড অফিসার পরিমল কুমার বিশ্বাসকে আসামি করে মামলা করেন। মামলায় কিছু গ্রাহককেও আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত ব্যবস্থাপক আবদুল মালেক ব্যাংকের সেকেন্ড অফিসার পরিমলের যোগসাজশে বিভিন্ন গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। ওসি বলেন, পরিমল গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।