অগ্রযাত্রার ৫৮ বছরে খেলাঘরের মিলনমেলা
মিলনায়তন-জুড়ে সাদা পোশাক আর গলায় লাল স্কার্ফ জড়ানো শিশুদের ছুটোছুটি, হইচই। কারও কারও হাতে রঙিন বেলুন। মঞ্চও সাজানো হয়েছে বেলুন দিয়ে। হইচই থামল। শুরু হলো সমবেত কণ্ঠের গান, ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক, অক্ষয় উজ্জ্বল সূর্য, সৃষ্টির লক্ষ্যে আমাদের যাত্রা, আমরা তো জীবনের তুর্য’। গতকাল রোববার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে খেলাঘর আসরের অগ্রযাত্রার ৫৮ বছর উপলক্ষে আয়োজন করা হয় নবীন-প্রবীণ মিলনমেলার। অনুষ্ঠানে সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক ২০১০ দেওয়া হয়।১৯৫২ সালে তৎকালীন পাকিস্তানের মৌলবাদী দৃষ্টিভঙ্গি থেকে বের করে এনে নতুন প্রজন্মকে প্রগতিশীল মানসিকতায় বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য খেলাঘরের জন্ম। শিশু সংগঠনটি ৫৮ বছর অতিক্রম করে গতকাল ২ মে।খেলাঘরের জন্মদিনে মঙ্গলদীপ জ্বালালেন অতিথিরা। এ সময় সমবেত কণ্ঠে শিশুরা ‘আলোকের এ ঝরনাধারায়’ গানটি পরিবেশন করে। এরপর তিন শিশু নেচে ওঠে ঢোলের তালে। সবার হাতে লোকজ বাদ্যযন্ত্র। পরপর পরিবেশিত হলো বেশ কয়েকটি নৃত্য। কখনো সাপুড়ে নৃত্য, কখনো আদিবাসী নৃত্য। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্যছন্দে মেতে উঠেছিল খেলাঘরের বন্ধুরা।নৃত্যের পরে আলোচনা পর্ব। আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক আনিসুজ্জামান। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে এ পর্বে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সম্মানিত অতিথি হিসেবে ভাষাসৈনিক আবদুল মতিন উপস্থিত ছিলেন। বক্তব্য দেন আবদুল মতিন ভুইয়া, প্রণয় সাহা প্রমুখ। বক্তারা বলেন, ‘খেলাঘর এমন একটি ঐতিহ্যবাহী শিশু সংগঠন, যার মধ্য দিয়ে শিশুদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। শিশুরা নিজেকে সৃজনশীল হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। আশা করি, শিশুরা নিজেদের ভবিষ্যেক এই সংগঠনের মধ্য দিয়ে আরও বিকশিত করবে এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে।’বক্তব্য শেষে খেলাঘরের পক্ষ থেকে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ডা. সারওয়ার আলী এবং খেলাঘরের সংগঠক চিত্তরঞ্জন শীলকে সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় খেলাঘর আসরের ছয়টি শাখার শিশুরা একে একে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক পর্বের মাঝে মাঝে চলতে থাকে খেলাঘর নিয়ে অগ্রজদের স্মৃতিচারণা।শিল্পকলা একাডেমীতে মাসব্যাপী যাত্রাপালাশিল্পকলা একাডেমীর খোলা চত্বরে মাসব্যাপী যাত্রা প্রদর্শনী শুরু হবে আজ থেকে। বিকেলে যাত্রা প্রদর্শনীর উদ্বোধন করবেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। গতকাল শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাডেমী চত্বরে প্রতিদিন দুটি করে পালা হবে—সন্ধ্যা সাতটায় এবং রাত ১১টায়। উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে যশোরের দল আনন্দ অপেরার ঐতিহাসিক পালা দেবী সুলতানা। অন্য পালাগুলো হচ্ছে—মেঘে ঢাকা তারা, ডাইনী বধূ, কোহিনূর, মা বিক্রির মামলা, চরিত্রহীন, বৌমা তোমার পায়ে নমস্কার।সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দে। আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া, আলমগীর হোসেন, বাবুল চৌধুরী প্রমুখ।সুলভ মূল্যে শহীদ জননী জাহানারা ইমামের জীবনীগ্রন্থ শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে আজ বাঙালি সমগ্র জাদুঘর থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ ‘শহীদ জননী জাহানারা ইমাম’ সুলভ মূল্যে বিক্রি হবে। বইটি লিখেছেন জাহানারা ইমামের ছোট বোন তাহমিদা সাঈদা। বইটি এলিফ্যান্ট রোডের জাদুঘর কার্যালয় ও বিকেল চারটায় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানেও পাওয়া যাবে।