অগ্রসর দর্শনের সংমিশ্রণ না থাকলে রাজনীতি কল্যাণ আনতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রাজনীতিতে সামাজিক ন্যায়বিচার, ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও অগ্রসর দর্শনসমূহের সংমিশ্রণ না থাকলে সে রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের জয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সিলেটের প্রাচীনতম সংগঠন ‘শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের বন্দরবাজার এলাকায় শ্রীহট্ট ব্রাহ্ম মন্দিরের মিলনায়তনে বিকেল পাঁচটায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবদুল আজিজ। শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের সভাপতি পংকজ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক অসিত ভট্টাচার্য। আলোচনা পর্ব সঞ্চালনা করেন শুক্লা চৌধুরী। সিলেটের প্রাচীনতম সংগঠন শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ ১২৬৫ বাংলা সনে প্রতিষ্ঠিত হয়। রাজা রামমোহন রায়ের জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা উপলক্ষে সংগঠনের নবীন-প্রবীণ সদস্যরা একাত্ব হয়েছিলেন। আলোচনা পর্ব শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রামমোহনের আদর্শ প্রচার করা হয়।