অগ্রসর হচ্ছে'মহাসেন' মোকাবিলায় প্রস্তুতি চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মহাসেন সৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদেরকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিতে সেনাবাহিনী, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সদস্যদের রাখা হয়েছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মহাসেন-সংক্রান্ত সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মান্নান। সভায় জেলা প্রশাসক বলেন, ‘সৃষ্ট ঘূর্ণিঝড়টি চট্টগ্রামের দিকে আসার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে চাই। এর জন্য কমিটি গঠন করা হয়েছে।’

সভায় উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া সব সংস্থাকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়।

‘মহাসেন’এর অবস্থান: বাসস জানায়, ঘূর্ণিঝড় মহাসেন গতকাল রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।