মোবাইলের নম্বর না বদলে অপারেটর বদলের (এমএনপি) সুবিধা চালুর জন্য প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে এমন কারিগরি দক্ষ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য আগামী সপ্তাহে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
ফোন নম্বর অপরিবর্তিত রেখে মুঠোফোন অপারেটর পরিবর্তন করার সুবিধাকে বলা হয় এমএনপি। এ ব্যবস্থায় একজন গ্রাহক নম্বর অপরিবর্তিত রেখেই নিজেদের ইচ্ছেমতো এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে পারেন। বিশ্বের ৭০ টির বেশি দেশে এ ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশে এখনো চালু হয়নি এ ব্যবস্থা।
শাহজাহান মাহমুদ বলেন, ‘এমএনপি চালু করার জন্য নিলামের মাধ্যমে নির্বাচিত একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। কারিগরি দক্ষতার বিষয় থাকায় এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে এমন প্রতিষ্ঠানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে।’
বিটিআরসি চেয়ারম্যান আরও জানান, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে নিলামে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানের আবেদন জমা নেওয়া হবে। যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেখান থেকে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে।
এমএনপি বাস্তবায়নের নীতিমালা অনুযায়ী, এ সুবিধা পেতে গ্রাহকের খরচ হবে ৩০ টাকা। আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান তাহলে তাকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে। প্রিপেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন।
বিটিআরসি সূত্রে জানা গেছে, নিলামে অংশ নেওয়ার ভিত্তিমূল্য হবে এক কোটি টাকা। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানকে ১৫ বছর মেয়াদে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানটিকে চালু হওয়ার দ্বিতীয় বছর থেকে সাড়ে ৫ শতাংশ হারে সরকারকে রাজস্ব দিতে হবে।