অগ্রাধিকার প্রকল্পের কাজ ফেলে গেলেন ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ মুখ থুবড়ে পড়েছে। এ কারণে উপজেলার সীমাবাড়ী গ্রোথ সেন্টার থেকে সিমলা হাট বেটখৈইর সড়ক দিয়ে যাতায়াতকারী অন্তত ৫০ হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটির কাজে অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২৬ লাখ ৮৭ হাজার টাকায় এক কিলোমিটার ওই সড়কটি উন্নয়নের জন্য ২০০৯ সালের ৫ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স প্যারাডাইজ ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ৩১ অক্টোবরে এই কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। ২০১০ সালের ৫ এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেটখৈইর গ্রামের বাসিন্দা গৌড় দাস রায় চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের উন্নয়নকাজের শুরুতেই অনিয়ম শুরু করে। এক কিলোমিটার সড়কের বেশির ভাগজুড়ে কিছু খোয়া এবং বালুর মিশ্রণ সড়কে ব্যবহার করা হয়। এ ঘটনা উপজেলা প্রকৌশলীকে একাধিকবার অবহিত করেও সঠিক নিয়মে কাজ করিয়ে নেওয়া যায়নি।উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান স্বীকার করেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের উন্নয়নকাজের শুরুতেই অনিয়ম করেছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক এই উন্নয়নকাজ সঠিকভাবে করিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টাও করেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এগিয়ে না আসায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। নতুন করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শেষ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।