অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রাধিকার ভিত্তিতে ও আইনে নির্ধারিত সময়ের মধ্যে (৬০ দিন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজকে দুর্নীতির মামলাগুলো দ্রুততর সময়ে বিচার ও নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতে দুর্নীতি-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রসঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশক্রমে গতকাল বুধবার জারি করা এক সার্কুলারে এসব নির্দেশ দেওয়া হয়। সার্কুলারে বলা হয়েছে, দুদক আইনে হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ আদালত গঠন করা হয়েছে। এসব আদালতে দুর্নীতি-সংক্রান্ত মামলা আমলে নেওয়ার তারিখ থেকে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার জন্য ‘দ্য ক্রিমিন্যাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ১৯৫৮’-এ সুনির্দিষ্ট বিধান রয়েছে।
সার্কুলারের ভাষ্য অনুসারে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে অধিকাংশ জেলার দায়রা বা মহানগর দায়রা জজরা দুর্নীতির মামলা বিচারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতে না পাঠিয়ে নিজ আদালতে রাখেন বা তাঁর অধীন অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ আদালতে পাঠান। ফলে বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতগুলোয় দুর্নীতি মামলার স্বল্পতা ঘটে।...এই কোর্টের গোচরে এসেছে যে বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতগুলোয় দুর্নীতির মামলা আইনে নির্ধারিত সময়ের মধ্যে ও কাঙ্ক্ষিত হারে নিষ্পত্তি হচ্ছে না।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের সই করা সার্কুলারে আরও বলা হয়, এমতাবস্থায় সব জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজকে দুর্নীতির মামলাগুলো দ্রুততর সময়ের মধ্যে বিচার ও নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতে পাঠানোর এবং আইনে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হলো। বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজদের মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক মামলা নিষ্পত্তির পর্যাপ্ততা নির্ধারণের ক্ষেত্রে দুর্নীতির মামলা নিষ্পত্তির সংখ্যা বিশেষভাবে বিবেচনা করা হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।