অগ্রাধিকার ভিত্তিতে হবে ডেথ রেফারেন্সের পেপারবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে হত্যাচেষ্টার মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ মঙ্গলবার অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক তৈরি করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্সের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ওই মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়সহ নথিপত্র এর আগে হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করা হবে কি না—তা বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হলে তিনি ওই নির্দেশ দেন।

নিম্ন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক প্রস্তুত করতে হয়। পেপারবুকে মামলার এজাহার, অভিযোগপত্র, জবানবন্দি, বিচারিক আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো থাকে।

২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় ১০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ১০ জনকে ‘ফায়ারিং স্কোয়াডে’ (গুলি করে) মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়ে। একই মামলায় একজনের যাবজ্জীবন ও তিনজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ১৪ বছর সশ্রম কারাদণ্ড পাওয়া তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত। এ মামলায় খালাস পেয়েছেন ১০ জন।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের জন্য রায়সহ নথিপত্র ২৭ আগস্ট হাইকোর্টে পৌঁছায়। পরদিন সংশ্লিষ্ট শাখা এসব ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওয়াসিম আখতার ওরফে তারেক হোসেন ওরফে মারফত আলী, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে রাশেদুজ্জামান খান ওরফে শিমন খান, ইউসুফ ওরফে মোসহাব মোড়ল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে মুফতি রউফ ওরফে আবদুর রাজ্জাক ওরফে আবু ওমর।

যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মেহেদী হাসান ওরফে আবদুল ওয়াদুদ। ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড পেয়েছেন আনিসুল ইসলাম ওরফে আনিস, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও সরওয়ার হোসেন মিয়া।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখা যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই কোটালীপাড়া থানার পুলিশ হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।

২০১০ সালে গোপালগঞ্জ আদালত থেকে মামলা দুটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় মুফতি হান্নানের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।