পদ্মা বহুমুখী সেতুর নকশার অর্থ অগ্রিম ছাড় নিয়ে দুর্নীতির বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল গত সোমবার সন্ধ্যায় এই প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন তৈরিতে আরও সময় চেয়েছে তারা।প্রতিবেদনের নথি থেকে জানা গেছে, পদ্মা সেতুর বিস্তারিত নকশা চূড়ান্ত না করেই সেতু প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের সাহায্যে ২০১০ সালের জুলাই মাসে ১১৬ কোটি টাকা তুলে নেয় পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এইকম লিমিটেড। প্রতিষ্ঠানটি ওই অর্থ নেওয়ার পর কাজ শেষ করার জন্য আরও ৭০ কোটি টাকা চায়। পদ্মা সেতুর পরামর্শক যাচাই প্রক্রিয়ায় দুর্নীতির ষড়যন্ত্র অনুসন্ধান করতে গিয়ে এ তথ্য পায় সংশ্লিষ্ট অনুসন্ধান দল।দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রয়োজনীয় নথি পাওয়া গেছে। আরও নথিপত্র প্রয়োজন। সেগুলো পর্যালোচনা সাপেক্ষে সাবেক যোগাযোগমন্ত্রী, সাবেক সেতুসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে সময় চাওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, এ বিষয়ে ২০১০ সালের ২৮ নভেম্বর প্রকল্প পরিচালক রফিকুল ইসলামকে নকশার টাকা লেনদেন ও নকশা তৈরি নিয়ে একটি চিঠি লেখেন সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সেতুর নকশা প্রণয়নের অপ্রয়োজনীয় এ ব্যয়ের বিষয়ে ব্যাখ্যা চেয়ে এবং ২২ মাসেও কাজ শেষ না হওয়ার ব্যাখ্যা চেয়ে প্রকল্প পরিচালককে চিঠি লেখেন সেতুসচিব। ইতিমধ্যে প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম এবং মনসেল এইকমের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান এসিই এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াসার সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম বলেছেন, ‘সচিবের লেখা ওই চিঠি আসলে সচিবের বোঝার ভুল। কারণ, তখনো শতভাগ অর্থ পরিশোধ করা হয়নি। তবে প্রায় ৫৫ ভাগের বেশি অর্থ ছাড় হয়ে গেছে।’ তিনি জিজ্ঞাসাবাদে আরও বলেছেন, ‘এইকমকে বিলের অর্থ সেতু বিভাগের বা সরকারের নয়। এটি ছিল এডিবি দেওয়া তহবিলের অর্থ। তারাই এইকমকে বিলের অর্থ পরিশোধ করেছে।’পদ্মা বহুমুখী সেতুর নকশায় দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ ও মীর জয়নুল আবেদিন শিবলী, উপপরিচালক মির্জা জাহিদুল আলম ও গোলাম শাহরিয়ার চৌধুরী।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইকমের অনুসন্ধানে সাবেক মন্ত্রী, সাবেক সচিবসহ নকশা কমিটির সদস্যদের, বিশেষজ্ঞ প্যানেল ও সেতু বিভাগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য সুপারিশ করা হয়েছে। তবে অনুসন্ধানের স্বার্থে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান ওই সব নাম না প্রকাশের জন্য প্রথম আলোকে অনুরোধ জানিয়েছেন।