অগ্রিম টিকিটের যাত্রীরা আজ সোমবার থেকে যাত্রা শুরু করবে।
তবে রেলওয়ে বলছে, গতকাল রোববার থেকেই ঈদযাত্রা শুরু হয়ে গেছে। গতকাল ট্রেন চলেছে স্বাভাবিক যাত্রী নিয়ে, তেমন ভিড় ছিল না।
রেলের কর্মকর্তারা জানান, টিকিট বিক্রির চাহিদা বিবেচনা করে বলা যায় আজও ব্যাপক ভিড় হবে না। টিকিটের চাহিদা বেশি ছিল ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর যাত্রার।
এর মধ্যে গতকাল রোববার সকালে বনানীতে রেলের একটি লাইনে ত্রুটির কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে সূত্র জানায়, গতকাল ভোর পৌনে সাতটার দিকে বনানী উড়ালসড়কের নিচের রেলক্রসিংয়ে একটি লাইনের পাত ৯ ইঞ্চির মতো ভাঙা পাওয়া যায়। এর জন্য প্রায় এক ঘণ্টা ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর পুনরায় দুটি ট্রেন চালানোর পর আবারও দুই ঘণ্টা বন্ধ রেখে মেরামত করা হয়।
এই পথে দুটি রেললাইন রয়েছে। একটি যাওয়ার, অন্যটি আসার। ঢাকায় আসার লাইনটিতেই ত্রুটি ছিল। এ জন্য প্রায় তিন ঘণ্টা আসা-যাওয়ার সব ট্রেনই পাশের লাইনটি দিয়ে চালানো হয়। এ জন্য ১১টি ট্রেন সময় মেনে চলতে পারেনি। এগুলো গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেন চলাচল করার কারণে এবং রেলক্রসিংয়ে যানবাহনের ঘষায় পাত ভেঙে যাওয়া স্বাভাবিক ঘটনা। সাময়িক সমস্যা কাটিয়ে ওঠা গেছে। ঈদ যাত্রায় কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।
রেলের কর্মকর্তারা জানান, অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে ২৮ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে রেলমন্ত্রী মুজিবুল হক ঈদযাত্রা ২৭ আগস্ট থেকেই শুরু করার নির্দেশনা দেন। এ জন্য গতকালের ট্রেনগুলোকেও ঈদের ট্রেন হিসেবে চালানো হয়। গতকাল রাত ৯টা পর্যন্ত ১৮টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।