রাজধানীর মিরপুরে গতকাল শনিবার সকালে পুলিশের সঙ্গে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। অগ্রিম বেতন দেওয়ার দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে গেলে এ ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী পুলিশ-শ্রমিক সংঘর্ষে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ হওয়ার কথা উল্লেখ করে মিরপুর ১২ নম্বরের সফটট্যাক্স নামের পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ অবস্থায় অগ্রিম তিন মাসের বেতন দেওয়ার দাবি জানিয়ে পাঁচ শতাধিক শ্রমিক গতকাল সকাল নয়টার দিকে মিরপুর ১২ এলাকায় জড়ো হন। ধীরে ধীরে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। বিক্ষোভের একপর্যায়ে তাঁরা রাস্তায় টায়ার জ্বালান ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষে শুরু হয় বাগিবতণ্ডা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে শ্রমিকেরা পিছু হটে অলিগলিতে ঢুকে ইটপাটকেল ছোড়েন। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
শ্রমিকেরা জানান, গত শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা কারখানায় গিয়ে মূল ফটক তালাবদ্ধ দেখতে পান। এরপর মালিকপক্ষ তালা খুলে দিলে দুপুর পর্যন্ত তাঁরা কাজ করেন। দুপুরের পর তাঁদের বলা হয়, কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকেরা বলেন, আগে কোনো নোটিশ না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এভাবে কারখানা বন্ধ করে দিলে আইন অনুযায়ী তিন মাসের অগ্রিম বেতনসহ দেনা-পাওনা পরিশোধ করতে হবে। কিন্তু মালিকপক্ষ তা করেনি।
কারখানার একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, অ্যাকর্ডের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বলার পর কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ২০ মার্চের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে তিনি জানান। অ্যাকর্ড হচ্ছে রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের গঠিত একটি জোট। এটি বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে সহায়তা করছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনিও জানান, কারখানা কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা বলেছে।