অঘটন ছাড়া হরতাল গ্রেপ্তার ১১ পিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ধরনের অঘটন ছাড়াই গতকাল রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে স্বতঃস্ফূর্ততা ছিল। তবে পিকেটিং ও গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। বিএনপির স্থানীয় নেতারা গতকাল নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করেছেন। নগরের প্রবেশপথ অলংকার মোড়ে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের মৃদু সংঘর্ষ হয়। এ সময় যুবদলের নগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে পুলিশ টানাহেঁচড়া করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তাঁকে ছাড়িয়ে নেন। নগরের ওয়াসা মোড় ও দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল সমাবেশ হয়। মিছিল করার সময় ওয়াসার মোড়ে খসরুকে পুলিশ বাধা দেয়। গতকাল গাড়ি ভাঙচুর ও পিকেটিং করার সময় পুলিশ অলংকার মোড় থেকে তিনজন, চান্দগাঁও থেকে তিনজন, কোতোয়ালি থেকে দুজন, কর্ণফুলী, ডবলমুরিং ও খুলশী এলাকা থেকে একজন করে মোট ১১ পিকেটারকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়। গতকাল হরতালের সমর্থনে কালামিয়া বাজারে মিছিল সমাবেশ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম। এতে আরও বক্তব্য দেন বিএনপির নেতা ইসহাক চৌধুরী, আফতাবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব প্রমুখ। সকালে বহদ্দারহাট মোড়ে হরতালের সমর্থনে বিএনপির আরেকটি অংশ মিছিল সমাবেশ করে। সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন, বিএনপির নেতা আবুল বশর প্রমুখ। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু-একটি করে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। বিকেলের দিকে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে থাকে। দুপুরের পর অবশ্য বিএনপির কোনো নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। জামায়াত ও ছাত্রশিবির-অধ্যুষিত চকবাজার, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায়ও কোনো পিকেটারকে দেখা যায়নি। পুলিশের নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা গেছে, গতকালের হরতালে জামায়াত-শিবিরের কেউ রাস্তায় নামেনি। বিএনপির ডাকে আগের হরতালগুলোতে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় নেমেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জামায়াত-শিবিরকে রোববারের হরতালে রাস্তায় নামতে দেখা যায়নি। এদিকে গতকাল দুপুরের আগমুহূর্ত পর্যন্ত নগরে কড়াকড়ি হরতাল পালিত হয়। রিকশা ছাড়া তেমন কোনো যান চলাচল করেনি। দূরপাল্লার কোনো গাড়ি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। নগরের বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। সরকারি অফিস-আদালত খোলা ছিল। তবে উপস্থিতির হার ছিল খুব কম। বেশির ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে লেনদেন হয়নি। চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠানো-নামানোর কাজ হয়েছে। তবে সন্ধ্যার আগে পরিবহনের কাজ হয়নি।