অঘটনের সবকিছুই নোয়াখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর, সংঘাত-সংঘর্ষ, মৃত্যু—নির্বাচনকে ঘিরে যত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সবই ঘটেছে নোয়াখালীতে।
জেলার নয়টি উপজেলার মধ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচন হয় পাঁচটিতে। উপজেলাগুলো হলো: নোয়াখালী সদর, সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও চাটখিল। এর মধ্যে সোনাইমুড়ীতে সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। এ ছাড়া সহিংসতায় পাঁচ উপজেলায় আহত হয়েছেন শতাধিক।
ভোটকেন্দ্র দখলের কমবেশি ঘটনা ঘটেছে সব উপজেলাতেই। কোথাও কোথাও জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে প্রার্থীর এজেন্টদের। এসব কারণে ভোট চলাকালেই নির্বাচন বর্জণের ঘোষণা দেন কবিরহাট ও কোম্পানীগঞ্জের বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুপুরেই সদর উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পর বেলা তিনটার দিকে এই উপজেলার সব কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম বড়ুয়া।
ভোট ছিনতাই ও কেন্দ্র দখলসহ একাধিক অভিযোগে আগামী রোববার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রী যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া কোম্পানীগঞ্জে আজ শুক্রবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
পুলিশ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র দখলে নিতে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ ফ ম বাবুল ও বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ারুল হক কামালের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাদ্দাম হোসেন (২০)। তিনি দেওটি ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয় বিএনপির নেতারা তাঁকে দলীয় কর্মী বলে দাবি করেছেন।
সাদ্দাম কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন, তা জানাতে পারেননি সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন প্রথম আলোকে জানান, নির্বাচনী সংহিসতার কারণে নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজসহ মোট চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শিহাবউদ্দিনের কর্মীদের হামলায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে। এ সময় হামলাকারীদের অনেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাতে শিহাবউদ্দিনের মোটরসাইকেল প্রতীকে সিল মারেন।
দুপুরের পর কোম্পানীগঞ্জের চারটি কেন্দ্রে সরেজমিনে গিয়ে কোথাও বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি। কবিরহাটের একাধিক কেন্দ্রেও ছিল একই অবস্থা। কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা জানান, সকালে প্রতিটি কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর পক্ষে এজেন্ট থাকলেও একপর্যায়ে তাঁদের অনেকে কেন্দ্র ছেড়ে চলে গেছেন।
এই অবস্থায় ভোট চলাকালে ১২টার দিকে কোম্পানীগঞ্জে এবং বেলাদুইটার দিকে কবিরহাটে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তাঁদের অভিযোগ, দুপুরের আগেই সব কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।