অঘোষিত ছুটি থাকে অন্তত সাত বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চারটি কেন্দ্র-বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সাত-আটটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কারণে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী দেড় মাস ধরে পাঠবঞ্চিত হলো। এ অবস্থায় বিকল্প পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি করছেন একাধিক শিক্ষক।
পরীক্ষার কেন্দ্র হওয়ায় যে চারটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, সেগুলো হচ্ছে পীরগঞ্জ পাইলট, সরকারি বালিকা, জাবরহাট ও ভোমরাদহ উচ্চবিদ্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের দুটি শাখায় ২ হাজার ৪০০ শিক্ষার্থী, সরকারি বালিকা বিদ্যালয়ে ৩৫০, জাবরহাট বিদ্যালয়ে ৫৩২ এবং ভোমরাদহ উচ্চবিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী মিলে ৪টি কেন্দ্র ও কেন্দ্রসংশ্লিষ্ট কয়েকটি বিদ্যালয়ে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এবার গত ২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এসব কেন্দ্রে তত্ত্বীয় পরীক্ষা হয়। ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষার ব্যবহারিক পরীক্ষা হয়। ৫ মার্চ থেকে ওই সব কেন্দ্রে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এসব পরীক্ষা ১১ মার্চের মধ্যেই শেষ করার নির্দেশনা রয়েছে।
জাবরহাট বিদ্যালয় কেন্দ্রসচিব গোপেন মালাকার গতকাল বুধবার বেলা দুইটায় মুঠোফোনে বলেন, স্কুলে মিলাদ, বিদায় ও পরীক্ষাপূর্ব প্রস্তুতির কাজে শিক্ষক-কর্মচারীরা ব্যস্ত থাকায় পরীক্ষা শুরুর ছয়-সাত দিন আগেই বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। ব্যবহারিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাই পরীক্ষা শুরুর আগের সপ্তাহ থেকে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় মাস বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকল।
জানা গেছে, অন্য তিনটি পরীক্ষাকেন্দ্র বিদ্যালয়েও একই অবস্থা। পরীক্ষার সময় কেন্দ্রের কাছাকাছি থাকা অন্য একাধিক বিদ্যালয় থেকে বেঞ্চ আনা হয়। তাই পরীক্ষার সময় ওই সব বিদ্যালয়েও পাঠদান বিঘ্নিত হয়।
ভেলাতৈড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক মো. মনিরুজ্জামান গত শুক্রবার বলেন, ‘পরীক্ষার জন্য ৬৫ জোড়া বেঞ্চ দেওয়ায় বেঞ্চশূন্য স্কুলে ক্লাস চালানো যায়নি। প্রতিবারই বছরের শুরুতে পরীক্ষার কারণে স্কুলে পড়াশোনা বন্ধ থাকছে। আমি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি জানাচ্ছি।’
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, এবারের পরীক্ষার জন্য পাইলট বিদ্যালয় কেন্দ্রে রঘুনাথপুর, ভেলাতৈড়, গোদাগাড়ীসহ ৭টি বিদ্যালয় থেকে ৩০০ জোড়া এবং জাবরহাট বিদ্যালয়কেন্দ্রে জাবরহাট বালিকা, এসকে ও এইচকে বিদ্যালয় থেকে ১২০ জোড়া বেঞ্চ আনা হয়েছে। এতে ওই বিদ্যালয়গুলোতে বেঞ্চ-সংকটে পাঠ বিঘ্নিত হয়েছে বলে শিক্ষক-ছাত্ররা জানান।
পীরগঞ্জ পাইলটের নবম শ্রেণির এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ নিয়ে স্কুল শুরু করেছিলাম। কয়দিন ক্লাস হয়ে পরীক্ষার জন্য স্কুল বন্ধ হয়ে গেল। টাকার অভাবে প্রাইভেট পড়তে পারিনি। বাড়িতেও ঠিকমতো পড়া হয়নি।’
পীরগঞ্জ পাইলট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক গত মঙ্গলবার বলেন, পরীক্ষা চলাকালে বিদ্যালয় বন্ধ থাকার দিনে পাইলটের শিক্ষকেরা ক্লাস নিলেও শিক্ষার্থী ছিল কম। পরীক্ষার সময় অনেক অভিভাবক তাঁদের সন্তানকে কোচিংয়ে পাঠান। কিন্তু দরিদ্র অভিভাবকেরা টাকার অভাবে সন্তানকে কোচিং করাতে পারেন না। ফলে তাঁদের সন্তানেরা শ্রেণিপাঠ থেকে পিছিয়ে থাকছে।
পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রসচিব সামসুন নাহার ও ভোমরাদহ কেন্দ্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল হক বলেন, পরীক্ষার কারণে শ্রেণিপাঠ বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেশির ভাগই কোচিংমুখী হয়েছে। তবে দরিদ্র শিক্ষার্থীরা টাকার অভাবে কোচিং করতে না পারায় এ সময়টায় বাড়িতেই বসে থেকেছে।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মফিজুল হক গতকাল বলেন, ‘সরকারিভাবে বিকল্প পরীক্ষাকেন্দ্র নির্মাণের দাবি আমার মতো লাখ লাখ প্রতিষ্ঠানপ্রধানের। এতে পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বিঘ্নিত হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ গতকাল বুধবার বলেন, ‘দীর্ঘ সময় পাবলিক পরীক্ষা চলার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় সোয়া মাস বিদ্যালয়ের পাঠবঞ্চিত হলো। এ জন্য প্রতিটি উপজেলায় একটি পাবলিক পরীক্ষাকেন্দ্র নির্মিত হওয়া একান্ত দরকার।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল বলেন, ‘উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় বহুতল ভবন নির্মাণ করে বছরের সব পরীক্ষা সেখানে নেওয়া হলে আর কেন্দ্র-প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হবে না। আমার জানামতে, এ বিষয়ে সরকারের একটা পরিকল্পনা আছে।’