অঘোষিত ছুটিতে বাড়ছে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির আগেই শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। ১৮-দলীয় জোটের টানা হরতাল আর অবরোধে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। অঘোষিত এই ছুটির কারণে সেশনজটে পড়তে যাচ্ছে এই বিদ্যাপীঠ।
জানা যায়, একাডেমিক দিনপঞ্জি অনুযায়ী ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এখানে শীতকালীন ছুটির কথা রয়েছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে মাসের শুরুতেই। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নাশকতার আশঙ্কায় কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও হাতেগোনা কিছু শিক্ষার্থী ছাড়া প্রায় সবাই ক্যাম্পাস ছেড়েছেন। এদিকে তিন দফা পিছিয়ে ২৮ থেকে ৩১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারিত থাকায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করতে পারছে না প্রশাসন।
নভেম্বর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলেছে মাত্র ১৩ দিন। এই কদিনে কয়েকটি বিভাগে পরীক্ষা হলেও অধিকাংশ বিভাগেই কোনো ক্লাস হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে ইতিমধ্যে প্রায় সব বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরে ২০৩ দিন কার্যদিবস এবং ৮৫ দিন ছুটি ধরা হলেও জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৯৫ দিন কার্যদিবসের মধ্যে ১১৩ দিন ক্লাস-পরীক্ষা হয়েছে। বাকি ৮২ দিনই স্থানীয় ও দেশব্যাপী হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা হয়নি। নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ক্লাস-পরীক্ষা হয়নি বললেই চলে।
ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, হরতাল-অবরোধ না হলে নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এতে শীতকালীন অবকাশ পেছানো হতে পারে। আর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা না হলে আগের সময়েই শীতকালীন ছুটি শুরু হবে।