অঘোষিত হরতাল, দুর্ভোগে মানুষ
পুলিশ প্রশাসন ও পরিবহন নেতাদের চাপে গতকাল রোববার ঢাকার উদ্দেশে বাস-লঞ্চ চালাতে দেননি যানবাহনের মালিকেরা। পালন করেছেন অঘোষিত হরতাল।চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, ফরিদপুর, চাঁদপুর, গাজীপুর, ঝালকাঠি, ভোলা, চুয়াডাঙ্গাসহ কোনো জেলার বাস গতকাল ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। ঢাকায় যায়নি বরিশাল, বরগুনা, ভোলা, চাঁদপুর, ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের লঞ্চ ও ট্রলার। বন্ধ ছিল মাওয়া-কাওরাকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে লঞ্চ ও ট্রলার চলাচল। যান্ত্রিক ত্রুটির কথা বলে ওই পথে ফেরি চলাচল কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সড়ক ও নৌপথে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ থাকায় চাপ পড়ে ট্রেনের ওপর। অনেক যাত্রী ট্রেনের টিকিটও পায়নি। অনেক কষ্টে যারা টিকিট পায়, তারা পড়ে ট্রেন বিলম্বে আসার দুর্ভোগে।কিছু জায়গায় অল্প কিছু বাস চললেও পথে পথে ছিল দীর্ঘ সময় ধরে পুলিশের তল্লাশি। সব মিলিয়ে ঢাকামুখী সাধারণ যাত্রী ও চারদলীয় জোটের মহাসমাবেশে যোগ দিতে ইচ্ছুক নেতা-কর্মীরা পড়েন চরম দুর্ভোগে। এ ছাড়া চট্টগ্রাম, বাগেরহাটসহ অনেক স্থান থেকে ঢাকা ছাড়া অন্য যাত্রাপথেও বাস চলাচল করেনি।লঞ্চ-ট্রলার বন্ধ, ফেরিও চলেছে কম: গতকাল সকাল থেকে মাওয়া-কাওরাকান্দি-মাঝিকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ও দৌলতদিয়া-আরিচা ফেরিপথে লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় পুলিশ ও নৌযান মালিক সমিতি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল প্রায় বন্ধ ছিল।কাওরাকান্দি ঘাটে গতকাল সকালে একাধিক যাত্রী দ্রুত পদ্মা পার হওয়ার জন্য স্পিডবোটে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ ব্যাপারে পুলিশের কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল অব্যাহত রয়েছে। জনগণ চাইলে ফেরিতে পারাপার হতে পারে।’বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক ইমরান খান বলেন, তিনটি ফেরি নষ্ট। সাতটি ফেরিতে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ১০টি ফেরির মধ্যে যান্ত্রিক ত্রুটির কথা বলে গতকাল চলেছে পাঁচটি।দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির নির্দেশে শনিবার মধ্যরাতেই দৌলতদিয়া থেকে সব লঞ্চ সরিয়ে পাটুরিয়া ঘাটে রাখা হয়। আজ সোমবার পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা পথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে মালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার জানিয়েছেন।এদিকে শনিবারের মতো গতকালও চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ও বাস ছেড়ে যায়নি। গতকাল নারায়ণগঞ্জগামী লঞ্চ চলাচলও বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে কোনো লঞ্চ দেখা যায়নি। অধিকাংশ লঞ্চকে বিকল্প মাদ্রাসা লঞ্চঘাটে অলস বসে থাকতে দেখা যায়।বাস বন্ধে নানা বক্তব্য: গত শনিবার দুপুর থেকে বাগেরহাট থেকে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা-কর্মীদের জন্য নির্ধারিত অন্তত ২৫টি বাস ঢাকায় যেতে পারেনি। পুলিশের বাধায় ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে গতকাল ভোর থেকে কোনো বাস, মিনিবাস ও মাইক্রোবাস ঢাকায় যেতে পারেনি। ঝালকাঠি আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিয়েছে, তাই বাস চলাচল বন্ধ রয়েছে।’ ঈগল পরিবহনের খুলনার ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন দাবি করেন, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় তাঁদের পরিচালনাধীন কোনো বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।বিআরটিসি কিশোরগঞ্জের বাজিতপুর অঞ্চলের পরিচালক ও শহর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম বলেন, ‘কর্তৃপক্ষ বাস চালাতে বারণ করেছে। তাই আজ (কাল) থেকে বাস চলাচল বন্ধ রেখেছি।’ক্ষতি চালকদের, দুর্ভোগ যাত্রীদের: বরিশাল লঞ্চ টার্মিনালে গতকাল মো. ইউসুফ আলী নামের এক যাত্রী বলেন, ‘বাসে ঢাকায় যেতে সকালে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে যাই। সেখান থেকে কোনো বাস ঢাকায় যায়নি। সেখানে তিন-চার ঘণ্টা বসে থেকে লঞ্চঘাটে এসে দেখি কোনো লঞ্চই ঘাটে নাই।’ ক্ষোভ প্রকাশ করে ইউসুফ বলেন, ‘আমরা তো রাজনীতি করি না। শ্রম দিয়ে দিন আনি দিন খাই। তবে আমাদের কেন এই ভোগান্তি?’কাওরাকান্দি ঘাটে গতকাল সকালে স্পিডবোটে পদ্মা পার হতে না পেরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল রুস্তম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা তো হরতাল নয় যে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকবে!’কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া, ময়মনসিংহ থেকে সিলেটগামী বিআরটিসিসহ অন্যান্য যাত্রীবাহী বাস কটিয়াদী বাসস্ট্যান্ডে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। বাস থেকে নেমে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা। বৃদ্ধ কাসেম আলী (৮০) বলেন, ‘মনে হচ্ছে একাত্তরের মতো যুদ্ধ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ খুব উৎকণ্ঠায় আছে।’একই ধরনের মন্তব্য করেন ঢাকা থেকে আসা যাত্রী নজিবুল হক। ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ডে তিনি বলেন, ‘সারা রাস্তায় যে পরিমাণ স্থানে তল্লাশি হতে দেখলাম, তাতে মনে হচ্ছে দেশে যুদ্ধ চলছে।’দৌলতদিয়া ঘাটে ট্রলারচালক বাবলু শেখ, জলিল সরদারসহ অনেক চালক বলেন, ‘আমরা ট্রলার চালিয়ে সংসার চালাই। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ থাকা সত্ত্বেও সকালে নৌফাঁড়ির পুলিশ এসে ট্রলার ছাড়তে নিষেধ করেছে।’ট্রেনে চাপ: পুলিশের নির্দেশে গত দুই দিন সিরাজগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলেনি। এতে চাপ পড়েছে ট্রেনের ওপর। ময়মনসিংহের ধোবাউড়া থেকে আসা যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘মাসকান্দায় সরাসরি বাস না পেয়ে রেলস্টেশনে যাই। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি।’খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা থেকে ছাড়ার সময় ছিল গতকাল বেলা ১১টা ৩৭ মিনিট। কিন্তু ওই ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে বেলা তিনটা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যায়। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল খালেক বলেন, এই ট্রেনে ৩২ আসনের বিপরীতে ৯৭টি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া গত শনিবার দিবাগত রাতে খুলনা-ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ৫৫ আসনের বিপরীতে ২১৫টি টিকিট বিক্রি হয়, যা এ যাবৎকালের রেকর্ড।