অঙ্ক ভুল হওয়ায়...
‘স্যারকে বললাম, আর ভুল হবে না। তার পরও পেয়ারা গাছের ডাল দিয়ে আমাকে পেটালেন। পিটুনিতে আমার বুক ও পিঠ ফেটে রক্ত বের হয়ে যায়। ডান হাতের আঙুল ফুলে গেছে।’কথাগুলো শিক্ষকের নির্মম পিটুনির শিকার হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া সাকিবুর রহমানের। সে সাভার পৌরসভার সবুজবাগ এলাকার জ্ঞানবিকাশ পাবলিক একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র ও এলাকার আবদুস সালামের ছেলে। গতকাল শুক্রবার কোচিং ক্লাসে সাকিবকে তার বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বেদম প্রহার করেন বলে অভিযোগ উঠেছে।সাভার থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, সাপ্তাহিক ছুটির দিন হলেও কোচিং ক্লাস থাকায় সহপাঠীদের সঙ্গে সাকিব গতকাল সকাল আটটার দিকে স্কুলে যায়। কোচিং ক্লাসে একটি অঙ্ক ভুল হওয়ায় সাকিবকে সহকারী শিক্ষক গোলাম মোস্তফা পেয়ারা গাছের ডাল দিয়ে নির্মমভাবে প্রহার করতে থাকেন। এ সময় সে চিৎকার করতে থাকলে উপস্থিত সহপাঠীরা ওই শিক্ষককে শান্ত হতে অনুরোধ করে। এতে আরও খেপে যান তিনি। ক্ষিপ্ত হয়ে তিনি সাকিবের সহপাঠীদেরও পেটান। আহত সাকিবকে পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উমেঞ্চ জাহিরা বলেন, আঘাতে সাকিবের বুক, পিঠ ও হাতের অন্তত ১২টি স্থানে রক্তাক্ত ও অস্বাভাবিক জখম হয়েছে। প্রচণ্ড আঘাতের কারণে সে ব্যথা অনুভব করছে।এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শুরু হওয়ায় ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন। উত্তেজনার খবর পেয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। এ ঘটনায় সাকিবের বাবা আবদুস সালাম থানায় লিখিত অভিযোগ দেন।আবদুস সালাম অভিযোগ করেন, শিক্ষক গোলাম মোস্তফা প্রায়ই তাঁর ছেলেসহ অন্য শিক্ষার্থীদের পেটান। এক সপ্তাহ আগেও তাঁর পিটুনিতে সাকিবের বাঁ হাত ফুলে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর বিচার দিয়েও কোনো ফল হয়নি।জ্ঞানবিকাশ পাবলিক একাডেমির অধ্যক্ষ ফকরুল আলম বলেন, শিক্ষার্থীদের নির্যাতন করা অপরাধ। এই অপরাধ করায় শিক্ষক গোলাম মোস্তফাকে আজই (শুক্রবার) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।