অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে বললেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার অল্প মূল্যে দেশের মানুষকে ডায়ালাইসিস সেবা দিচ্ছে। তাঁরা যদি সরকারের সহযোগিতা পান, তাহলে দেড় লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারকে অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে হবে।

আজ রোববার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে গণস্বাস্থ্যের কর্মকর্তারা এ কথা বলেন। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে ৬০ হাজার ডায়ালাইসিস সেশন ও চারজন কৃতী কিডনি বিশেষজ্ঞকে সম্মাননা জানানো উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করছে। দেশের সাংসদদের বা ধনাঢ্য ব্যক্তিদের অনেক ক্ষেত্রে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। গণস্বাস্থ্যের মতো প্রতিষ্ঠানগুলো সেবার কাজে সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে এলে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক হারুন অর-রশীদ, অধ্যাপক এম এ ওয়াহাব, অধ্যাপক কামরুল ইসলামকে কিডনি চিকিৎসায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক দেওয়া হয়।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার গত বছর ১৩ মে চালু হয়। বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।