জুতা আবিষ্কার ও বর্ণ বিপর্যয়—অঙ্গন থিয়েটার ইউনিট এক দিনে মঞ্চস্থ করেছে দুটি নাটক। ২০ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্যসন্ধ্যার আয়োজন করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা থেকেই রচিত হয়েছে জুতা আবিষ্কার নাটকের কাহিনি। এর নাট্যরূপ দিয়েছেন অচিন্ত্য বসু। মিলন চৌধুরী নির্দেশিত নাটকটির এটি ছিল ৬০তম মঞ্চায়ন। নাটকে দেখা যায়, রাজা হবুচন্দ্র তাঁর পায়ে যাতে ধুলা না লাগে তার উপায় আবিষ্কারের জন্য রাজ্যজুড়ে পুরস্কার ঘোষণা করেন। পুরস্কারের ঘোষণা শুনে রাজবাড়িতে ভিড় করে নানা শ্রেণীর মানুষ। তাঁরা নানাভাবে চেষ্টা করতে থাকে রাজার পায়ে ধুলা না লাগার ব্যবস্থা করতে। কিন্তু সবার চেষ্টা বৃথা যায়। এরপর এক যুবক রাজার পা দুটো চামড়া দিয়ে ঢেকে দিলে আবিষ্কার হয় জুতা। এ নাটকে অভিনয় করেছেন সনজীব বড়ুয়া, সুবাস বোস, শিবা মণ্ডল, নিরোজ আলম, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সত্যানন্দ বড়ুয়া, সুপক দাশ, মাহবুব রহমান, সপ্রতিত দাশ, সৌমেশ সরকার প্রমুখ।
এরপর শুরু হয় নাটক বর্ণ বিপর্যয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন মিলন চৌধুরী। রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সনজীব বড়ুয়া, শিবা মণ্ডল, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সুপক দাশ ও মাহবুব রহমান।