অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনে নতুন আইন না করে ১৯৯৯ সালের আইনটি সংশোধন করার অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা। মৌলিক বিষয়ে সংশোধন ছাড়াও প্রায়োগিক ও পদ্ধতিগত বিষয়গুলো বিধিমালা আকারে প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দিয়ে পরবর্তী সময়ে চূড়ান্ত অনুমোদনে বিষয়টি মন্ত্রিসভায় পেশ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা বিফ্রিং করেন। তিনি জানান, অবৈধভাবে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন শুরু হওয়ায় ২০১১ সালে হাইকোর্ট ১৯৯৯ সালের আইনের আলোকে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছিল। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো বিধিমালা পর্যালোচনা করতে গিয়ে আইন মন্ত্রণালয় নতুন আইন প্রণয়নের ওপর জোর দেয়। সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন আইন খসড়া প্রণয়ন করে তা নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করে।
নতুন খসড়া আইনে বলা হয়েছে, অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করতে হলে সংশ্লিষ্ট হাসপাতাল সরকারের অনুমতি নিতে হবে। এ সংক্রান্ত ডেটাবেসে সংরক্ষণ করতে হবে। ডেটাবেজের তথ্য সবার উন্মুক্ত হবে না। এমনকি তথ্য অধিকার আইনও এ ক্ষেত্রে কার্যকর হবে না। এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড এবং একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আজকের বৈঠকে ‘দ্য কোর্ট-ফি সংশোধন অধ্যাদেশ-২০১৫’ চূড়ান্ত অনুমোদন হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনে কোর্ট-ফি দেওয়া যাবে। এটা আবার অনলাইনের মাধ্যমেই ফেরত নেওয়া যাবে। নিয়মবহির্ভূত স্টাম্প কেনাবেচা করলে ছয় মাসের কারাদণ্ডের শাস্তি বহাল রাখা হয়েছে। ৫০০ টাকা জরিমানা করার আগে যে বিধান ছিল, তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। স্টাম্প জালিয়াতির শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন সংশোধন করে মূসক অব্যাহতি সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে। মৌলিক চাহিদা আছে—এমন কয়েকটি পণ্য, যেমন সরিষার তেল, চিনি, আখের গুড় ও সব ধরনের সারের ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জীবন রক্ষাকারী ওষুধ, যেমন ইনসুলিন, ক্যানসার নিরোধক ওষুধ, কিডনি ডায়ালাইসিস সলিউশন ও ফার্স্ট এইড কিটসের ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।