অঙ্গীকার বাস্তবায়নে দল ও সরকারকে একত্রে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলীয় কর্মীদের ওপর নির্ভর করে দেশের উন্নয়ন ও সরকারের সফলতা। তাই দেশ পরিচালনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দল এবং সরকারকে একযোগে কাজ করতে হবে।গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।মহানগর আওয়ামী লীগকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, রাজনীতির মূল কেন্দ্র হলো ঢাকা এবং আওয়ামী লীগের মূল কেন্দ্র মহানগর আওয়ামী লীগ। কেন্দ্রীয় কমিটি মহানগর আওয়ামী লীগের ওপর নির্ভর করে। তাই বিজয় দিবসের সব কর্মসূচি সফল করার জন্য মহানগর আওয়ামী লীগসহ সবার সহযোগিতা দরকার। দল এবং সরকার একত্রে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নেবে বলে তিনি জানান।আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মহাজোটগতভাবে প্রার্থী সমর্থন দেব। কীভাবে প্রার্থী বাছাই করা হবে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। তবে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন যাতে দলগতভাবে করা যায়, সে ব্যাপারে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।’ তিনি গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘স্বাধীন মিডিয়ার ওপর নির্ভর করে দেশের গণতন্ত্র।’মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।