অঙ্গীকারনামা ভঙ্গ করে আনুষ্ঠানিকভাবে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী। ছাত্রলীগের ব্যানারে ওই শিক্ষার্থীরা রাজনীতিতে অংশ নেন। ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সিন্ডিকেটের সিদ্ধান্ত লঙ্ঘন করে ছাত্ররাজনীতি করা ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।কমিটি ঘোষণার পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন। ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের ব্যানারে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমির হোসেন খান তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন না মর্মে ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। যেহেতু সিন্ডিকেট এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল, তাই সিন্ডিকেটের আগামী বৈঠকে বিষয়টি আলোচনার জন্য (এজেন্ডা) উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি ফরমের ১৩ নম্বর অংশে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফরমের ১২ নম্বর অংশে অভিভাবকেরাও অঙ্গীকারনামা দেন। শিক্ষার্থীদের অঙ্গীকারনামায় উল্লেখ আছে, ‘আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে সচেষ্ট থাকবো। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয় এরকম কোনো কাজে জড়িত হবো না এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সম্পদ/সম্পত্তির ক্ষতিসাধন করবো না বা কাউকে প্ররোচিত করবো না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র কর্তৃক শৃঙ্খলাজনিত যে সকল বিধি-বিধান বা আইন-কানুন রয়েছে তা আমি মেনে চলতে সচেষ্ট থাকবো। উপরে বর্ণিত আরোপিত কার্যাবলীসহ অন্য যেকোনো ধরনের শৃঙ্খলা আমার দ্বারা ভঙ্গ বা সঙ্ঘটিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো।’অভিভাবকদেরও অনুরূপ অঙ্গীকারনামার বিষয়ে অবহিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়কের পরীক্ষার প্রস্তুতি না থাকার কারণে বহুবার ওই বিভাগে পরীক্ষা পিছিয়েছে। বর্তমানে ইংরেজি বিভাগে সবচেয়ে বেশি সেশনজট। ছাত্ররাজনীতি চালু হওয়ায় ওই জট আরও বাড়বে। এদিকে ২৪ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রাসেল হোসাইনকে ছুরিকাঘাত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দুই সদস্য জ্যোতির্ময় সরকার ও মাহবুবুল আলমের সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে, তাঁদের এঁদের বিরুদ্ধে শিক্ষকদের বাসায় হামলা, ছাত্রীদের উৎপীড়ন, দাঙ্গা-হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। জানতে চাইলে ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘অঙ্গীকারনামায় সই করেছি, এটা সত্য। ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। মৌলবাদী শক্তিকে বিতাড়িত করার জন্য কমিটি গঠন করা হয়েছে।’ এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে। যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে।