ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ট্রেড লাইসেন্স পেতে হলে প্রত্যেক উদ্যোক্তা বা মালিককে এই মর্মে অঙ্গীকারনামা দিতে হচ্ছে যে তাঁর প্রতিষ্ঠান বা কারখানায় ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিবেশে কোনো শিশু কর্মরত নেই। শিশুশ্রমের বিষয়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার লাইসেন্স বাতিলেরও বিধান করা হয়েছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে পরিচালিত জাতীয় সময়ভিত্তিক (টাইমবাউন্ড) কর্মসূচির আওতায় শহরের অনানুষ্ঠানিক খাতের শিশুশ্রমিকদের নিয়ে পরিচালিত আরবান ইনফরমাল ইকোনমি (ইউআইই) প্রকল্পের অধীনে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই বিধান অনুসরণ করা হচ্ছে। ২০০১ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনবিষয়ক আইএলওর ১৮২ নম্বর সনদ অনুসমর্থনের পরবর্তী পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়।নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় আইএলওর এই প্রকল্পটির প্রধান সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ডিসিসি। ডিসিসির ১০টি অঞ্চলের মধ্যে চারটিতে (অঞ্চল ১, ২, ৪ ও ৬) এটি পরিচালিত হচ্ছে। কাগজ-কলমে প্রকল্পটি ২০০৭ সালে শুরু হলেও, বাস্তব কাজ শুরু হয়েছে তার প্রায় আড়াই বছর পরে। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। ডিসিসির রাজস্ব বিভাগের ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ওই অঙ্গীকারের ফলে এই সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধ হবে কি না, সে ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর ডিসিসির সচিবের জারি করা এক প্রশাসনিক আদেশে ট্রেড লাইসেন্সের শর্তাবলিতে উপরিউক্ত অঙ্গীকারনামা যুক্ত করা হয়। আইএলওর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিসিসির আদেশ করপোরেশনের ১০টি অঞ্চলের জন্যই প্রযোজ্য। তবে প্রকল্পটি চারটি অঞ্চলে পরিচালিত হওয়ায় ওই অঞ্চলগুলোতে নজরদারি করা সম্ভব হচ্ছে।আইএলওর প্রকল্পের আওতায় পরিচালিত জরিপ অনুযায়ী, চারটি অঞ্চলে আট হাজার ৫০০ কর্মক্ষেত্রে আট থেকে ১৮ বছরের কম বয়সী ১৮ হাজার শিশুকে খুঁজে পাওয়া যায়, যারা ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। প্রকল্পের আওতায় ডিসিসি পাঁচটি এনজিওর মাধ্যমে ১৮ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বের করে বিকল্প কর্মসূচিতে সম্পৃক্ত করা, অভিভাবকদের ঋণ কর্মসূচির আওতায় আনা, কর্মক্ষেত্র উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।ডিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘লাইসেন্স নেওয়ার আগে শিশুশ্রমিক নেই মর্মে অঙ্গীকারনামা দেওয়ার ফলে সংশ্লিষ্ট মালিক কিছুটা মানসিক চাপে পড়ছেন। সচেতনতা বাড়ানো সম্ভব হচ্ছে। সেদিক থেকে উদ্যোগটি ভালোই মনে হচ্ছে।’আইএলওর প্রকল্প শেষ হয়ে গেলে এই উদ্যোগটিও বন্ধ হয়ে যাবে কি না—প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, বর্তমানে কাজটি প্রশাসনিক আদেশের মাধ্যমে করা হচ্ছে। প্রকল্প শেষ হলে উদ্যোগটি টিকে থাকবে কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে।আইএলওর টাইমবাউন্ড কর্মসূচির কর্মকর্তা (দক্ষতা উন্নয়ন) ইফজালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য মালিকেরা ১৫০ টাকার স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করছেন। প্রক্রিয়াটির সঙ্গে ডিসিসির কর্মকর্তা, এলাকার ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ ও নজরদারির বিষয়টি জড়িত। তবে প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে আসায় অঙ্গীকারনামা দিয়ে মালিকেরা তা আসলেই মানছেন কি না, তা দেখা হয়তো সম্ভব হবে না। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে প্রতিবছরের ১২ জুন দিবসটি পালন করছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। দিবসের স্লোগানে এবার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমকে বিপৎসংকেত হিসেবে উল্লেখ করে শিশুশ্রম নিরসনে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। স্লোগানটি হচ্ছে ‘ওয়ার্নিং! চিলড্রেন ইন হেজারডাস ওয়ার্ক, এন্ড চাইল্ড লেবার।’