ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মানে (অনার্সে) ভর্তিতে অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া বন্ধের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। দাবি না মানলে আজ শনিবার স্নাতক সম্মানে ভর্তি-প্রক্রিয়া বন্ধের হুমকি দিয়েছে জোটটি।
স্নাতক প্রথম বর্ষে ভর্তি-প্রক্রিয়ায় এ বছর একটি অঙ্গীকারনামা সংযুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীর বাবা অথবা মায়ের স্বাক্ষরসহ অঙ্গীকারনামাটি অবশ্যই জমা দিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সমীরণ কুমার সাহা। তিনি জানান, ভর্তির শুরুতেই অঙ্গীকারনামা চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূঞা জানান, ফি ও অঙ্গীকারনামা—এ দুটি বিষয় একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে। এখন পিছু হটার সুযোগ নেই।