অঙ্গীকারের অভাবে নগর-পরিকল্পনার বাস্তবায়ন কম

বাংলাদেশে নগর-পরিকল্পনার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এর আগে যেসব নগর-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বাস্তবায়ন হয়েছে খুবই কম। সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকারের অভাবে এসব পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। এ ছাড়া একক কোনো সংস্থার হাতে বাস্তবায়নের ক্ষমতা না থাকাও পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার অন্যতম কারণ। আজ শনিবার সকালে ঢাকায় প্রথম আলো কার্যালয়ে নগর-পরিকল্পনা ও বাস্তবায়নবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো ও বিএসআরএম যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু বাস্তবায়নের হার ৫০ শতাংশের নিচে। সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকারের অভাবে এটি হচ্ছে। এখানে নেতৃত্বের অভাব রয়েছে। এই ঘাটতি দূর করতে হবে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নগর-পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পরিমাণ নজর দেওয়া প্রয়োজন, তা দেওয়া হয়নি। এর জন্য তাগাদা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আলোচনার দুর্বলতা আছে উল্লেখ করে পরিকল্পনায় অর্থনৈতিক বিকাশ যুক্ত করার পক্ষে মত দেন তিনি। ঢাকা সমস্যার সমাধানের সঙ্গে মফস্বলের উন্নয়নও সম্পর্কিত বলে মনে করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, ‘প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করতে হচ্ছে। এ জন্যই মাস্টারপ্ল্যানের দিকে তাকানোর সময় পাই না। এরই মধ্যে আমরা ২০ হাজার বিলবোর্ড অপসারণ করেছি। ফুটপাত বড় করার কাজ হাতে নিয়েছি। প্রতিবন্ধীদের কথা চিন্তা করে গুলশানের রাস্তায় ফুটপাত সমানভাবে তৈরির কাজ শুরু হয়েছে।’ এ সময় ফুটপাতে মোটরসাইকেল চালালে চালককে বেঁধে রাখা হবে বলে জানান মেয়র। এ ছাড়া নগরের গণপরিবহন, সৌন্দর্য বৃদ্ধিসহ নানা ধরনের কাজ চলছে বলে জানান তিনি। আগামী ছয় মাসে নগরের অনেক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘আমাদের দেশের প্রায় দুই কোটি মানুষ প্রতিবন্ধী। তাদের কথা চিন্তা করে ফুটপাত, শৌচাগার তৈরি করতে হবে।’
বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবীব বলেন, অনেকেই বলেন ড্যাপের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়েছে। কিন্তু এর দোহাই দিয়ে চুপ থাকা যাবে না। নতুন একটি ড্যাপ না হওয়া পর্যন্ত আগেরটিতেই কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান, ঢাকা দক্ষিণের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশীদ জাবিন হোসেন তৌফিক, বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের সভাপতি এ কে এম আবুল কালাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ।