অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলাম ইতিমধ্যে তার চেয়ে বেশি কাজ করেছি।’ গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।বিগত নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দুই বছরে আমরা আপনাদের জন্য আরও অনেক কিছু করব।’একই সঙ্গে আগামী নির্বাচনে জনগণের আস্থা অক্ষুণ্ন রাখার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে আপনাদের কঠোর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’ আর্থসামাজিক ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী যত শিগগির সম্ভব ঠাকুরগাঁও চিনিকল চালু করার ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ সময় করতালি দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান।দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে পল্লি অর্থনীতি শক্তিশালী হয়েছে। একজন রিকশাচালক বা দিনমজুর এখন তাঁর পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার কিনতে পারছেন।শেখ হাসিনা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণকালে দেশের মুদ্রাস্ফীতির হার ছিল শতকরা ১১ ভাগের বেশি, গত তিন বছর তা কমে ৭ ভাগে দাঁড়িয়েছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর বর্তমান মেয়াদকালে দেশে কেবল খাদ্যশস্যের বাম্পার ফলন হয়নি, বরং জনগণের জন্য খাদ্যনিরাপত্তাবলয়ও গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, বিএনপির শাসনামলে চালের দাম ৪০ টাকায় উঠেছিল, এখন তা ২৪ থেকে ২৬ টাকায় নেমে এসেছে।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সার্বিক সহায়তা দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে কৃষি খাত এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মানুষ ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানসহ সামাজিক নিরাপত্তাবলয় কর্মসূচিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ছিল বেশি এবং জনগণের আয় ছিল কম। তাঁর সরকার সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার চেষ্টা চালাচ্ছে।দেশি ফল রক্ষার আহ্বান: দেশি ফল যেন হারিয়ে না যায়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে গতকাল এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘দেশে ১৩০টির বেশি দেশি ঐতিহ্যবাহী ফল রয়েছে। এসব ফল অনায়াসে আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করতে পারে।’